সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ-এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পার্লামেন্টের মধ্যে সহযোগিতা, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য মিজ আপসানা বেগম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্য সদস্যরা হলেন মিস্টার শকাত আদম ও লর্ড কুরবান হোসেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পার্লামেন্ট-টু-পার্লামেন্ট সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর বিভিন্ন বিষয়, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন তারা।
সংস্কৃতি মন্ত্রী বলেন, বাংলাদেশে ভিন্ন মত, পথ, ধর্ম ও বর্ণের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে। রাষ্ট্রের কাছে সব নাগরিক সমান এবং আইনের দৃষ্টিতে প্রত্যেকের সমান অধিকার রয়েছে।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু—এ ধরনের কোনো বিভাজন বাংলাদেশে থাকা উচিত নয়। দেশের প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, বিভিন্ন সময়ে দেশে গণতান্ত্রিক ধারায় বাধা এলেও সাম্প্রতিক জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারায় নতুন যাত্রা শুরু করেছে।
সাক্ষাৎকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইলিয়া সুমনা উপস্থিত ছিলেন।





