২০২৭ খ্রিষ্টাব্দের সরকারি ছুটির খসড়া তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী বছরে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভার ২৬তম বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির এ খসড়া তালিকা অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত খসড়া অনুযায়ী, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে ১৫ দিন সাধারণ ছুটির প্রস্তাব করা হয়েছে। এ ছুটির মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট চার দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।
অন্যদিকে বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট তিন দিন সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া ধর্মীয় উৎসব পালনের জন্য প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ বিষয়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের বিবরণও খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদ্যাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাব রাখা হয়েছে।
সব মিলিয়ে ২০২৭ সালে ১৫ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সাত দিন বাদ দিলে প্রস্তাবিত কার্যকর সরকারি ছুটির সংখ্যা দাঁড়ায় ২২ দিন।





