সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ) প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা হোসাইন রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ফোর সিজনস হোটেলে এএসইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-২ কামরুল ইসলাম এবং উপ-প্রেস সচিব-১ মো. জাহিদুল ইসলাম অংশ নেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবালও বৈঠকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে এএসইউর পক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গ্লোবাল ডেভেলপমেন্টের পরিচালক মেঘান গিবসন, ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মিনু ইপে এবং অ্যাডজাঙ্ক্ট প্রফেসর ও ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. ইব্রাহিম খলিল।
আলোচনায় প্রকৌশল শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি শিল্প ও বিনিয়োগকে সমন্বয় করে বাংলাদেশে একটি শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে সেমিকন্ডাক্টর ও মাইক্রোইলেকট্রনিকসের কারিকুলাম উন্নয়ন, শিক্ষক ও পেশাজীবীদের প্রশিক্ষণ, প্রয়োগভিত্তিক গবেষণা, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো আলোচনায় আসে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। ববি হাজ্জাজ এসটিইএম শিক্ষা, শিক্ষক উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পখাতের উপযোগী দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ শিক্ষা ও গবেষণাকে শিল্প, বিনিয়োগ ও বাণিজ্যিকীকরণের সঙ্গে যুক্ত করে একটি বাস্তবভিত্তিক সেমিকন্ডাক্টর রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন।
এএসইউর ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের সঙ্গে উচ্চশিক্ষার রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি টেকসই পরিকল্পনা, মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বৈঠকে সেমিকন্ডাক্টর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, গবেষণা, কারিকুলাম ও শিক্ষক প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সহযোগিতা এবং উচ্চশিক্ষার রূপান্তরকে কেন্দ্র করে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের বিষয়টিও সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ হিসেবে আলোচনা করা হয়।





