ময়লার ভাগাড় থেকে সবুজ বাগান, আমিনবাজারের ‘রূপান্তর’ প্রশংসিত প্রধানমন্ত্রীর

ময়লার ভাগাড় থেকে সবুজ বাগান, আমিনবাজারের ‘রূপান্তর’ প্রশংসিত প্রধানমন্ত্রীর
ময়লার ভাগাড় থেকে সবুজ বাগান, আমিনবাজারের ‘রূপান্তর’ প্রশংসিত প্রধানমন্ত্রীর

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় দীর্ঘদিনের বর্জ্যের স্তূপ সরিয়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন সবুজ বাগান ‘রূপান্তর’। ময়লার ভাগাড়কে পরিকল্পিতভাবে সবুজ ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করার এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী এই প্রকল্পকে দেশের অন্যান্য জেলার জেলা প্রশাসকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে উদ্যোগটি বাস্তবায়নে ভূমিকা রাখায় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারে নিমগাছ রোপণের মধ্য দিয়ে ‘রূপান্তর’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে একটি এলাকার চেহারা বদলে দিয়ে তা মানুষের কল্যাণে ব্যবহার করা সম্ভব। আমিনবাজারের ‘রূপান্তর’ প্রকল্প তারই বাস্তব উদাহরণ।

তিনি বলেন, মাত্র দুই মাস আগেও এই এলাকায় বর্জ্যের বিশাল স্তূপ ছিল। বর্তমানে চার কিলোমিটারজুড়ে সবুজায়নের ফলে এলাকাটি যেমন দৃষ্টিনন্দন হয়েছে, তেমনি পরিবেশেরও উন্নতি হয়েছে। এখানকার বাসিন্দারা এখন তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে চলাচল ও শ্বাস নিতে পারছেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার উদ্যোগ নিয়ে জায়গাটিকে সুন্দরভাবে সাজিয়েছে। তবে এর সৌন্দর্য ও পরিবেশগত সুবিধা ধরে রাখতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল হতে হবে। জনগণ ও সরকার একসঙ্গে কাজ করলে পরিবেশদূষণের মতো সমস্যাগুলো ধীরে ধীরে দূর করা সম্ভব।

প্রকল্পের পরিধি বাড়ানোর পরামর্শ

আমিনবাজারের এই সবুজায়ন কার্যক্রম চার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মহাসড়কের দুই পাশে থাকা মিল-কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে আশপাশের খালি জায়গাগুলো পরিচর্যার জন্য ভাগ করে দেওয়ার কথা বলেন তিনি।

এ কাজে স্থানীয় সংসদ সদস্যদেরও জেলা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের মাধ্যমে পুরো এলাকাকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের নেতৃত্বে বাস্তবায়িত এই উদ্যোগ দেশের অন্য ৬৩ জেলার জেলা প্রশাসকদের জন্য অনুসরণযোগ্য উদাহরণ তৈরি করেছে। একই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নিতে অন্য জেলার প্রশাসকরাও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

দুই দশকের বর্জ্য সরিয়ে তৈরি হলো বাগান

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার কারণে সেখানে প্রায় ৩০ ফুট উঁচু বর্জ্যের স্তূপ তৈরি হয়েছিল। গত জুলাইয়ে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই এলাকার বর্জ্যের স্তূপ ও দুর্গন্ধ দেখতে পান।

পরে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের তত্ত্বাবধানে সাভার উপজেলা পরিষদ ও পৌরসভার সহযোগিতায় প্রায় তিন মাস ধরে কাজ করে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করা হয়।

বর্জ্য অপসারণের পর প্রকল্প এলাকায় জমি প্রস্তুত, মাটির সুরক্ষায় প্যালাসাইডিং, পানি নিষ্কাশনের জন্য ২০টি সারফেস ড্রেন এবং সার্ভিস শেড নির্মাণ করা হয়। মাটির ক্ষয় রোধে নেপিয়ার, দুর্বা ও বিন্নাসহ বিভিন্ন ধরনের ঘাসও লাগানো হয়েছে।

৬ হাজারের বেশি গাছ-গাছালি

প্রায় চার কিলোমিটার দীর্ঘ এবং ১০ থেকে ২৫ মিটার প্রশস্ত ‘রূপান্তর’ বাগানে বিভিন্ন প্রজাতির মোট ৬ হাজার ৫৮৫টি গাছ ও শোভাবর্ধক উদ্ভিদ রোপণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে ১ হাজার ৫০টি নিমগাছ, ৩ হাজার ৮১৫টি সুপারি, ৬০টি তালগাছ, ৬৫০টি মাধবীলতা, ৪৫টি সিজিয়াম ও ৭০০টি রঞ্জনগাছ।

এ ছাড়া প্রকল্পটিকে পরিবেশবান্ধব করতে ২ কিলোওয়াট সোলার প্যানেল এবং ১ কিলোওয়াট উইন্ড টারবাইন স্থাপন করা হয়েছে। এসবের মাধ্যমে মোট ৩ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রাখা হয়েছে। রাতের সৌন্দর্য ও নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে ১২০টি বৈদ্যুতিক বাতি।

দীর্ঘদিনের বর্জ্য ও দুর্গন্ধের স্থানটি এখন সবুজে ঘেরা দৃষ্টিনন্দন এলাকায় পরিণত হওয়ায় রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ আমিনবাজারের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।