বিশেষ প্রতিবেদকঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পরবর্তী যুক্তি উপস্থাপন ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে আদালতে আজ এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবীরা। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বিশেষ আদালতে পৌঁছান খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে নতুন এ দিন ঠিক করেন আলদাত।
পুরান ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন শুরু হয়।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল এ মামলায় যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর আসামি ট্রাফিক বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী আমিনুল ইসলাম। এ দিন যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য বুধবার দিন ঠিক করেন আদালত। এ দিনও যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় বৃহস্পতিবার দিন ঠিক করেন আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর সাবেক নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।