একদিনের ক্রিকেটে এই নিয়ে তৃতীয়বার ডাবল সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। গতকাল ছিল তাঁর বিবাহবার্ষিকী। মাঠে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রিতিকাও। নিজের কুসংস্কারকে আঁকড়ে বসেছিলেন। স্বামীর ডাবল সেঞ্চুরি দেখার পর তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। এমন দৃশ্য দেখার পর অমিতাভ বচ্চন টুইট করেছেন, “এমন কৃতিত্ব অর্জন করার জন্য রোহিত শর্মা তোমাকে আন্তরিক অভিবাদন জানাই। কিন্তু, সবথেকে বড় পুরস্কার হল, তোমার স্ত্রী’র চোখের জল। এটা সবকিছুর ঊর্ধ্বে।”

ম্যাচের পর রোহিত শর্মা স্ত্রী রিতিকাকে আন্তরিক কৃতজ্ঞতা জানালেন। বললেন, “আমি খুব খুশি। আজ এই বিশেষ দিনে আমার স্ত্রী পাশে ছিল। ও যে আজ মাঠে এসেছে, এটাই আমার কাছে সবথেকে বড় উপহার। সেটা ও জানে। ওই হল আমার চালিকাশক্তি। সবসময় আমার পাশে থাকে। খেলাধুলোয় অনেক সময়েই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। চাপও তৈরি হয়। কিন্তু, পাশে যদি পরিবারের কেউ থাকে, তাহলে সেই চাপ অনেকটাই কেটে যায়। আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। কিন্তু, আমার কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল এই ম্যাচে জয়।”
অন্যদিকে রোহিতের মা পূর্ণিমা শর্মা বললেন, “রোহিত যে আজ ডাবল সেঞ্চুরি করেছে, তাতে আমি এবং ওর বাবা যারপরনাই খুশি। আজ ওর বিবাহবার্ষিকীও ছিল। সেকারণে আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। একজন মা হিসাবে আমি একথা ভেবে গর্ব অনুভব করি যে আমার ছেলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।”