নিজস্ব প্রতিবেদকঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটিতে যাওয়া নিয়ে বিএনপি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায়ও বলেছে, তাঁকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক এ প্রতিক্রিয়া জানান।
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান বিচারপতি মাত্র কয়েক দিন আগে জাপান ও কানাডা সফর করে এসেছেন। এসব দেশে উন্নত চিকিৎসা থাকা সত্ত্বেও তিনি সেখানে কোনো চিকিৎসা নিয়েছেন বলে দেশবাসী জানে না। এমনকি গত পরশু তিনি সুপ্রিম কোর্টে তাঁর কার্যালয়ে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, ফাইল সই করেছেন। অথচ গতকাল (পরশু) আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি (প্রধান বিচারপতি) নাকি ক্যান্সারে আক্রান্ত হয়ে ছুটি নিয়েছেন। ’
মির্জা ফখরুল আরো বলেন, “সোমবার সন্ধ্যায় প্রধান বিচারপতির বাসভবনে সাক্ষাৎ প্রার্থী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত সাংবাদিকদের সামনেই তাঁর (প্রধান বিচারপতি) পক্ষে জনৈক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন, ‘আমি সুস্থ আছি, কিন্তু কথা বলতে পারব না। ’ এ থেকে প্রমাণিত হয়, মাননীয় প্রধান বিচারপতি অসুস্থ নন। তাঁকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। ”
সুরেন্দ্র কুমার সিনহার ‘সঠিক অবস্থান’ জানাতে প্রধান বিচারপতির কার্যালয়ের কাছে ব্যাখ্যা দাবি করে ফখরুল বলেন, ‘প্রধান বিচারপতির অফিস থেকে আমরা এখন পর্যন্ত কোনো কমেন্টস পাইনি এবং তিনি এক মাসের ছুটি নিয়েছেন বা কী করেছেন, কী অবস্থায় আছেন, তাঁর অসুখ হয়েছে, না হয়েছে—এটা কিন্তু তাঁর কার্যালয় থেকে আমরা এখন পর্যন্ত কোনো রকমের ইনফরমেশন পাইনি। ’
প্রধান বিচারপতিকে জোর করে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারপতির সঙ্গে এমন আচরণ করা থেকে প্রমাণিত হয়, এই সরকার অস্তিত্ব সংকটের ভীতিতে বেসামাল হয়ে পড়েছে।
সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে এটি সরকারের ‘আক্রোশমূলক ঘৃণ্য আচরণ’ মন্তব্য করে তিনি এর তীব্র নিন্দা জানান।
বিএনপি যে অভিযোগ করছে তার ভিত্তি কী—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের পর তারা (ক্ষমতাসীন সরকার) একমত হয়নি, অত্যন্ত আপত্তি জানিয়েছে এবং তীব্র ভাষায় প্রধান বিচারপতির বিরুদ্ধে সমালোচনা করেছে। এমনকি তাঁকে পদত্যাগ করে চলে যাওয়ারও কথা বলা হয়েছে। সুতরাং তারা (সরকার) তাঁকে জোর করে ছুটি নিতে বাধ্য করেছে।
প্রধান বিচারপতির হঠাৎ ছুটিতে যাওয়ার বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, ‘আজ সারা দেশে একটা ফ্যাসিবাদ চলছে। ভীতি-ত্রাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ক্ষমতাসীনরা ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনী প্রহসনের মাধ্যমে অনুগত বিরোধী দল সাজিয়ে প্রকৃতপক্ষে একদলীয় সরকার কায়েম করেছে। প্রশাসন ও নিম্ন আদালতকে কুক্ষিগত করেছে। ’
সরকার শক্তি প্রয়োগের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা হরণের মাধ্যমে বিচার বিভাগকে অনুগত করার অপচেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ‘তাঁর (প্রধান বিচারপতি) এক মাসের ছুটিতে যাওয়ার ঘটনা বিচার বিভাগের ওপর বড় ধরনের আঘাত। দল হিসেবে আমরা সার্বিকভাবে এতে উদ্বিগ্ন। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে, এর দায়দায়িত্ব একদিন এই সরকারকেই বহন করতে হবে। ’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বরকতউল্লাহ বুলু, আবদুস সালাম, নাজমুল হক নান্নু, রুহুল কবীর রিজভী, মীর শরাফত আলী সপু, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, শরীফুল আলম, হাসান জাফির তুহিন প্রমুখ।