শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে যৌতুকের দাবীতে দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে। ইউনিয়নের মালদকান্দি গ্রামে বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
নিহতের পরিবারের দাবী যৌতুকের দাবী পুরন করতে না পারায় দুই সন্তানের জননী রেশমাকে হত্যা করে গাছের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ী।
নিহতের ভাই আলী আজগর ঘরামী জানান, রুদ্রকর ইউনিয়নের মালদকন্দি আঃ রব সরদারের ছেলে ফরিদ সরদার এর সঙ্গে ৭/৮ বছর পূর্বে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সুর্যমনি গ্রামের জুলহাস ঘরামীর ছোট মেয়ে রেশমা বেগম এর বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে তারিকুল (৫) ও ফারিয়া (২ মাস) নামে দুটি সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই ফরিদ সরদার স্ত্রী রেশমাকে যৌতুকের জন্য মাঝে মধ্যে মারপিট করতেন। রেশমার বাবা-মা মেয়ের সুখের কথা চিন্তা করে ইতোমধ্যে ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্নালংকার মেয়েকে দেয়। এরপরেও ফরিদ ক্ষ্যান্ত হয়নি। সে মাঝে মধ্যে টাকা চেয়ে স্ত্রীকে চাপ দেয়। স্ত্রী টাকা দিতে রাজি না হলেই তাকে মারপিট করতো। ঘটনার দিন বুধবার রাতে যৌতুকের টাকা দেয়া নিয়ে স্বামী ফরিদের সঙ্গে রেশমার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ফরিদ রেশমাকে মারতে মারতে ঘর থেকে বাইরে নিয়ে পার্শ্ববতী বাশ ঝাড়ের নিকট বেদম মারপিট করে। মার খেয়ে এক পর্যায়ে রেশমা মারা যায়। উপায়ান্ত না পেয়ে ফরিদ সরদার ও তার বাবা আঃ রব সরদার মা চানভানু বেগম মিলে নিহত রেশমার লাশ ঘরের পাশে একটি ছোট্র কাঠাল গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাস দিয়ে ঝুলিয়ে রাখে। নিহত রেশমার দুটি শিশু সন্তানদের সঙ্গে নিয়ে তারা রাতের আধারে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির অন্যান্য লোকজন রেশমার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।
নিহত রেশমার বাবা জুলহাস ঘরামী বলেন, যৌতুকের জন্য আমার মেয়েকে ফরিদ সরদার তার বাবা ও মা মিলে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে রেশমা নামে গৃহবধূকে হত্যা করে পরিকল্পিত ভাবে গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। লাশের ময়না তদন্ত শেষে রিপোর্ট পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।