ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ জেলার জেলা প্রশাসক (ডিসি) রেজওয়ানুর রহমান বলেছেন, বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে অগ্রগতিতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই দেশের সার্বিক অগ্রগতির জন্য সুশিক্ষায় নিজেকে গড়ে তুলতে হবে।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি এসব কথা বলেন। সেখানে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ১০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
রেজওয়ানুর রহমান বলেন, শিক্ষার্থীদের ভালো ফল পেতে অনুপ্রাণিত করে বৃত্তি। তাই বৃত্তির এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেশের উন্নতি করতে হলে শিক্ষাব্যবস্থার উন্নতি করতে হবে। সব শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। তাদের সুশিক্ষায় মানুষ করে তোলা প্রত্যেকের দায়িত্ব।
উপজেলা কর্মকর্তাদের উদ্দেশে ডিসি আরো বলেন, শুধু চাকরি করলেই হবে না, জনবান্ধব কর্মকর্তা হয়ে সুশাসন নিশ্চিত করতে হবে। দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু আসিফ আহমেদ, ভাইস চেয়ারম্যান হাজি মো. আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আছির উদ্দিন, তালশহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মোবারক আলী চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুজিবর রহমান, হাজি আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ও তিন্নি আনোয়ার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাহমিদা আক্তার।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা এককালীন চার হাজার টাকা করে ১০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে চার লাখ টাকার শিক্ষাবৃত্তি দেন।