বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তের বুজতলা গ্রামে পারভেজ (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল ৯টায় পোর্টথানা পুলিশ বাহাদুরপুর সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে।
রাতের কোনো এক সময় স্কুলের ছাদে তাকে হত্যা করে পরে মরদেহ ফেলে রেখে হয় বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
পারভেজ বেনাপোল পোর্টথানার কাগজপুকুর গ্রামের তাইজেল হোসেনের ছেলে ও বুজতলা সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
হত্যার শিকার ছাত্রের মা পারভিন বেগম জানান,তার বাবা বিদেশে থাকেন। সে স্কুল শেষে গতকাল সোমবার বাড়িতে আসে। এরপর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে খোঁজে পাওয়া যাচ্ছিলো না। পরের দিন সকালে খবর পাওয়া যায় স্কুলের মাঠে কারা তাকে মেরে ফেলে রেখেছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান জানান, স্কুলের ছাদ থেকে তাকে হত্যার বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের শনাক্তের চেষ্ঠা করছে বলে ও জানান তিনি।