এরা কারা? এদের কাজ কি ?
ঝিনাইদহে সাংবাদিকদের মোবাইল বিড়ম্বনা
ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ জানুয়ারি’২০১৭
ভাই একটু সরেন তো ছবি তুলবো। পাশের জন বলছে, আরে ভাই সামনে আসলেন কেনো? পেছন থেকে একজন বলছেন, ভাই একটু নিচু হন তো, অন্যপাশ থেকে আরএকজন বলছেন ভাই আমার ছবিটা খারাপ করে দিলেন? র্যালী বা সমাবেশ অথবা সভা, সকলের সামনে দেখা যাবে এদের। তাদের ভীড়ে দাড়ানোর মতই জায়গা পাওয়া যায় না। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছবি তুলতেই থাকেন। যেনো মন ভরে না।
এমনই চিত্র আজ ঝিনাইদহের প্রতিটি অনুষ্ঠানে। যেকোন অনুষ্ঠানে মোবাইল হাতে দেখায় এদের। কারা এরা? এতো ছবিই তোলেন কেনো? এমন প্রশ্নের কোন উত্তর পাওয়া দায়। এদের কারণে পেশাগত দ্বায়িত্ব পালনে বাধাগ্রস্থ হচ্ছেন জেলার সাংবাদিকমহল। যে কারণে সকল ধরনের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করেন জেলার সাংবাদিকরা।
প্রেসক্লাবের এক সিনিয়র সাংবাদিক বলেন, ঝিনাইদহ শহরের যেকোন অনুষ্ঠানে গেলেই এসকল ব্যক্তিদের উৎপাতে সাংবাদিকদের কোন স্থান নেই। পেশাগত দ্বায়িত্ব পালন করা বড়ই কষ্টকর হয়ে পড়ে। এর ফলে বিভিন্ন সভা, সমাবেশ থেকে সাংবাদিকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। দ্বায়িত্বের কারণে শত কষ্ট উপেক্ষা করে ছবি বা ভিডিও ধারন করতে হচ্ছে। এ সমস্যার সমাধান হওয়া দরকার।
জনপ্রিয় একটি টেলিভিশনের জেলা প্রতিনিধি বলেন, একটি অনুষ্ঠানের জন্য কমপক্ষে ১ মিনিটের ভিডিও ধারণ করতে হয়। যার জন্য লাগে আলাদা আলাদা ১৫ টি ভিডিও চিত্র। প্রতিটি ভিডিও ৪ থেকে ৮ সেকেন্ড ধারণ করতে হয়। কিন্তু ভিডিও ধারন করতে গেলেও ওনারা সামনে চলে আসেন। ধাক্কা-ধাক্কি করেন। এসব কারণে সংবাদ সংগ্রহ বাঁধাগ্রস্থ হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, এদের কারণে আজ বিড়ম্বনার শিকার হচ্ছেন সাংবাদিকরা; বিশেষ করে যারা টেলিভিশন সাংবাদিকতা করেন তাদের সমস্যা বেশি। ভিডিও তুলতে গেলেই ওনারা সামনে চলে আসেন, কোথাও দাড়াতে দেন না।
তিনি আরও বলেন, পেশাগত দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য আয়োজক ও আইন শৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসতে হবে। যিনি বা যারা অনুষ্ঠানের আয়োজন করেন তাদেরই এ সমস্যার সমাধান করতে হবে। আগে থেকেই যদি আয়োজকরা নির্দেশনা দেন কেউ মোবাইল নিয়ে সামনে আসবেন না তাহলে সাংবাদিকরা তাদের পেশাগত দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবেন। এছাড়া যেসব অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকেন তাদেরও সহযোগীতা করতে হবে।
সম্প্রতি জেলা ছাত্রলীগ একটি উদ্যোগ নিয়েছেন যে কোন র্যালী অথবা সমাবেশ কোন অনুষ্ঠানের মোবাইল নিয়ে সামনে আসা যাবে না। এমন উদ্যোগ যদি প্রত্যেক অনুষ্ঠানের আয়োজকরা গ্রহণ করেন তাহলেই সাংবাদিকরা তাদের পেশাগত দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবেন।