যশোর প্রতিনিধিঃ জেলার শহরতলির খোলাডাঙ্গা এলাকা থেকে হাফিজুর রহমান মরা (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গোলাগুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এই ‘গোলাগুলি’ হয়। নিহত হাফিজুর রহমান শহরের ষষ্ঠীতলাপাড়ার বাসিন্দা। পুলিশের ভাষ্য, হাফিজুর রহমান ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, গতকাল মধ্যরাতের দিকে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার সার গোডাউনের কাছে গোলাগুলি হচ্ছে বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয় পুলিশ। পরে পুলিশ সদস্যরা জানতে পারে, নিহত ব্যক্তি কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমান মরা।
ওসি আরো জানান, গোলাগুলির ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নেয় পুলিশ। তাঁর মাথার বাঁ পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে। হাসপাতালে পৌঁছার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।