মেহের আমজাদ,মেহেরপুর (১৭/১০/১৬) ঃ মেহেরপুর জেলা কারাগারে জামিরুল ইসলাম (৩৬) নামের এক হাজতির মৃত্যু নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি সে গলায় গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে।
তবে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক বলেছেন, নিহতের শরীরে গামছায় ঝুলে আত্মহত্যার কোন লক্ষণ নেই। নিহতের স্ত্রী প্রশ্ন করেছেন জেলখানায় এত নিরাপত্তার মধ্যে কিভাবে একজন হাজতি আত্মহত্যা করতে পারে? তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়না তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।
নিহত জামিরুল ইসলাম গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের ছলেমান মিয়ার ছেলে। গত ২ অক্টোবর জেলা গোয়েন্দা পুলিশের এক অভিযানে ইয়াবাসহ আটক হয় জামিরুল।
মেহেরপুর জেল সুপারের দায়িত্ব থাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফ হোসেন জানান, সোমবার দুপুরে গলায় গামছা দিয়ে কারাগারের রেলিং এর সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে জামিরুল। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আশিষ কুমার দেবনাথ জানান, নিহতের গলাসহ শরীরের কোথাও গলাই রশি বা গামছা দিয়ে আত্মহত্যার কোন আলামত কিংবা লক্ষণ পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।