সৈকত দত্ত,শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরের গোসাইরহাটে ফিরোজ সরদার (১৭) নামে এক যুবককে মোবাইলে ডেকে নিয়ে আবাসিক হোটেলে পিটিয়ে হত্যা করার অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে। গোসাইরহাট উপজেলা শ্রমিক দল সভাপতি সালাম পেদা এই হত্যাকান্ড সংগঠিত করেছে বলে জানিয়েছে এলাকাবাসী। পুলিশের দাবি চুরির অভিযোগে গণপিটুনিতে মারা গেছে ফিরোজ। হত্যাকান্ডের সাথে জরিত সন্দেহে সালাম পেদার ছেলে বাপ্পী পেদাকে জিজ্ঞাসাবদের জন্য আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গোসাইরহাট পৌরসভার মিত্রসেন পট্টি গ্রামের মোঃ সবুজ সরদারের ছেলে ফিরোজ সরদার। শনিবার রাত ২ টার সময় মোবাইল ফোনে ফিরোজকে সুমাইয়া আবাসিক হোটেলে ডেকে নেয় স্থানীয় শ্রমিকদল সভাপতি সালাম পেদা। এরপর ফিরোজের হাত পা বেধে তাকে বেদমভাবে পিটিয়ে ফেলে রাখে পাশের একটি স’ মিলে। রাত ৪ টার পরে সালাম পেদা ফিরোজের মাকে ফোন করে ডেকে নেয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ফিরোজের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত ফিরোজের মা মাহমুদা বেগম বলেন, আমার ছেলে রং মিস্ত্রির কাজ করত। দুইদিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। শনিবার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত দুইটার সময় সালাম পেদা আমার ছেলের মোবাইল ফোলে কল দিয়ে সুমাইয়া আবাসিক হোটেলে ডেকে নেয়। ভোর ৪ টার পর সালাম পেদা আমার মোবাইলে ফোন দিয়ে বলে তোমার ছেলেকে নিয়ে যাও। আমি গিয়ে দেখি পাশের একটা স’ মিলের মধ্যে কাঠের গুড়ি দিয়ে আমার ছেলেকে ঢেকে রেখেছে। আমার ফিরোজের দুই হাত দুই পা বাধা ছিল। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখতে পাই। আমি কিছুক্ষন পর গোসাইরহাট হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের ডাক্তার ফিরোজকে মৃত ঘোষনা করে। আমি খুনি সালাম পেদার ফাঁসি চাই।
ফিরোজের বাবা সবুজ সরদার বলেন, আমার ছেলেকে বিনা কারনে সালাম পেদা পিটিয়ে হত্যা করেছে। আমার ছেলে হত্যাকারির এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোন দিন কারো মা বাবার বুক এমনভাবে কেউ খালি করতে না পারে।
নিহত ফিরোজের চাচা আরিফ সরদার বলেন, সুমাইয়া হোটেলে মাদক ও নারী ব্যবসা চলে। ফিরোজ হয়তো এমন কিছু দেখে ফেলে তাই ওকে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে হোটেল মালিক সালাম পেদা, তার ছেলে বাপ্পি ও সহযোগীরা।
গোসাইরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল উদ্দিন বলেন, নিহত ফিরোজ সরদার আমার ওয়ার্ডের বাসিন্দা। তাকে গোসাইরহাট উপজেলা শ্রমিক দলের সভাপতি সালাম পেদা পিটিয়ে হত্যা করেছে। আমি এই হত্যাকান্ডের বিচার দাবি করছি।
গোসাইরহাট থানার ওসি মো. মোফাজ্জল হোসেন বলেন, ফিরোজ সরদারের নামে এর আগেও চুরির অভিযোগ রয়েছে। তাকে শনিবার রাতে একটি চুরির অভিযোগে গণপিটুনিতে তাকে হত্যা করা হয়েছে। হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সালাম পেদার ছেলে বাপ্পী পেদাকে আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।