চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চট্টগ্রামের ডিপোতে থাকা পাঁচটি দ্বিতল বাস আগুনে পুড়ে গেছে।
আজ বুধবার ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, ভোরে বিআরটিসির পাঁচটি দ্বিতল বাসে আগুন লাগে। এ সময় ডিপোর পাশের একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ দুর্ঘটনায় ডিপোতে রাখা পাঁচটি দ্বিতল বাসের একটি পুরোপুরি পুড়েছে। অন্যগুলোতে মাঝারি ধরনের ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা কারো অবহেলা বা নাশকতা কি না—তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।