সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে প্রশাসনের অনুমোদন ছাড়াই গরুর হাট বসানো হয়েছে। হাটের প্রস্তুতির জন্য ঈদের নির্ধারিত ছুটির তিন দিন আগেই সোমবার থেকে কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। কলেজ মাঠে গরুর হাট বসিয়ে কলেজের পরিবেশ নষ্ট ও কলেজ বন্ধ করে দেয়ায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে বিকেনগর বঙ্গবন্ধু কলেজ মাঠে মঙ্গলবার থেকে গরুর হাট চালু করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলহাস মৃধার নেতৃত্বে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগসাজস করে প্রশাসনের অনুমতি ছাড়াই এ হাট স্থাপন করা হয়েছে। হাটের পূর্ব প্রস্তুতির জন্য সোমবার থেকেই কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। হাটের ইজারা নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি কুদ্দুস সরদার।
হাটের ইজারাদার কুদ্দুস সরদার বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই কলেজ মাঠে গরুর হাট স্থাপন করা হয়েছে। বিকেনগর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ সংলগ্ন পুরান হাটের নামে অনুমতি নেয়া হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলহাস মৃধা বলেন, কলেজ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করেই গরুর হাট বসানো হয়েছে। হাট থেকে যা লাভ হবে তার একটি অংশ কলেজ কর্তৃপক্ষকে দেয়া হবে।
বিকেনগর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মাদবর বলেন, কলেজ মাঠে গরুর হাট বসিয়ে কলেজের পরিবেশ নষ্ট করা হচ্ছে। হাটের অনুমতি আছে কিনা বা কোন নিয়মে কলেজ মাঠে হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে আমার জানা নেই।
বিকেনগর বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘গরুর হাট হিসেবে কলেজ মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে কেউ আবেদন করেনি। কিভাবে গরুর হাট বসানো হয়েছে আমি জানিনা।’ তাহলে কলেজের শিক্ষা কার্যক্রম কেন তিন দিন আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সংরক্ষিত ছুটির আওতায় এ ছুটি দেয়া হয়েছে।’
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, কলেজের মাঠে গরুর হাট বসানোর কোনো সুযোগ নেই। প্রশাসন থেকে এ ধরণের কোনো অনুমতি দেয়া হয়নি। জাজিরা উপজেলায় ১৩টি গরুর হাটের অনুমতি দেয়া হয়েছে। এর মধ্যে বিকেনগর বঙ্গবন্ধু কলেজ মাঠ নেই।a