বিশেষ প্রতিবেদকঃ গোপালগঞ্জের মুকসুদপুরে সাময়িক ভাবে বহিষ্কারকৃত কেন্দ্রীয় যুবলীগ নেতা আতিয়ার রহমান দিপুর নির্মাণাধীন সাসকো শিল্প-পার্কে বালু ভরাট ও মধুমতি নদী থেকে বালু উত্তোলণ বন্ধ থাকলেও থেকে নেই প্রাণ নাশসহ হুমকি-ধামকী। ফলে ওই উপজেলার জলিরপাড়ের ও তালবাড়ি গ্রামের শাতাধিক পরিবার নিরাপত্তা হীনতায় রয়েছে।
এদিকে ফসলি ও খাস জমি দখল এবং ভূমিহীনদের উচ্ছেদ করে শিল্প-পার্ক নির্মাণ, অবৈধভাবে বালু উত্তোলন ও সাময়িবভাবে বহিষ্কৃত যুবলীগ নেতা আতিয়ার রহমান দীপুর বিচারের দাবিতে “জনতা ঐক্য পরিষদের” ব্যানারে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল গত শনিবার।
লিখিত অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জান গেছে, দুই-তিন বছর আগে থেকে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দিপু গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলার সীমান্তে তালবাড়ী নামক স্থানে বেশ কিছু জমি ক্রয় করেন। সে সব জমি গুলিতে কোন বাঁধ বা প্রতিরোধক না দিয়ে বালু ভরাট কাজ শুরু করেন। এতে আশ-পাশের কৃষি জমিতে বালু গিয়ে ভরাট হয়ে যায়। বালুর কারণে এবছর ওই সব কৃষি জমিতে আবাদ করতে পারেনি কৃষকরা।
জমির মালিকরা তাতে বাঁধা দিলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়া হয় এবং জমি বিক্রির চাপ সৃষ্টি করা হয়। এছাড়া, সাসকো গ্রুপ নামের ওই প্রতিষ্ঠানটি ওই এলাকার মাদারীপুর বিল রুট ক্যানেল (এমবিআর) থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করেছেন। বালু মহলের ইজারা যেখানে নিয়েছেন সেখান থেকে বালু উত্তোলন না করে অন্য স্থান থেকে বালু উত্তোলন করেন। ফলে নদীর তীরবর্তী বসতিগুলো রয়েছে ঝুকিপূর্ণ অবস্থায়।
এদিকে এসব ঘটনা প্রতিবাদে শনিবার উপজেলার বানিয়ারচর বাসস্ট্যান্ডে জনতা ঐক্য পরিষদের উপদেষ্টা জয়দেব মন্ডল জেডির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জলিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পরিষদের সহ-সভাপতি দিপক বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক রকিম বৈরাগী, সাংগঠনিক সম্পাদক সুমন মন্ডল, ক্ষতিগ্রস্ত বজলু শেখ, আসমা বেগম, রহিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। পরে ওই বাসস্ট্যান্ডে গোপালগঞ্জ, টেকেরহাট সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে ওই স্থানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা তালবাড়িয়ায় গিয়ে শেষ হয়। পরে সেখানে কেন্দ্রীয় যুবলীগের বরখাস্তকৃত নেতা শেখ আতিয়ার রহমান দিপুর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এ ঘটনায় কয়েকটি পত্রিকায় জমি দখলের প্রতিবেদন প্রকাশ হলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য পদ থেকে আতিয়ার রহমান দীপুকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়।
ওই বরখাস্তাদেশে যুবলীগের পক্ষ বলা হয়েছে, আতিয়ার রহমানের শিল্প পার্ক প্রতিষ্ঠা সংক্রান্ত বিস্তারিত সংবাদে তাঁর যে কর্মকান্ডের কথা উল্লেখ করা হয়েছে, তা বর্তমান সরকারের নীতিমালা, নৈতিকতা ও জনস্বার্থ পরিপন্থী বলে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে প্রতীয়মান হয়। এ অবস্থায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো প্রাথমিক অনুসন্ধানে সত্য প্রতীয়মান হয়েছে। তাই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শেখ আতিয়ার রহমান দীপুকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এসব জায়গায় বসবাস করা পরিবারের সদস্য অলোকা মন্ডল (৭০), শিউলী বেগম, কনিকা মন্ডল, সুশান্ত মন্ডল, পারভিন বেগম, আয়শা বেগম ও বক্কার শেখসহ বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আমরা সরকারি জায়গায় বসবাস করে আসছি। হঠাৎ দিপু মিয়া একদিন এসে হাজির হয়। সাথে ছিল এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী লোক। তারা এসে আমাদের স্ট্যাম্প লেখা বেশ কয়েকটি কাগজ দেখিয়ে বলেন এই জায়গা আমি কিনেছি। এখানে গার্মেন্টস করখানা বানাবো। তোমরা সবাই এক মাসের মধ্যে ঘরবাড়ি ভেঙে উঠে যাবে।
আর বাড়িঘর ভাঙা বাবদ প্রত্যেক পরিবারকে ৫০ হাজার করে টাকা দিব। আমরা আকুতি মিনতি করলে আমাদের বলে ভালোয় ভালো যদি না উঠিস তাহলে ঘরের মালামাল বা তোদের ছেলে মেয়েদের নদীতে ফেলে দিব। বাধ্য হয়ে আমরা টাকা ধরেছি। টাকা ধরেও বিপদে আছি এই ঘরবাড়ি নিয়ে কোথায় যাব। আমাদেরতো আর কোন জায়গা জমি নেই।
ক্ষতিগ্রস্ত বজলু শেখ, আসমা বেগম, রহিমা বেগম অভিযাগ করে বলেন, প্রতিনিয়ত আতিয়ার রহমান দীপুর লোকজন আমাদের হুমকী ধামকী দিয়ে আসছেন। এমনকি প্রাণ নাশেরও হুমকী দিয়ে যাচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীতায় রয়েছি।
“জনতা ঐক্য পরিষদের” সাংগঠনিক সম্পাদক সুমন মন্ডল বলেন, যতদিন এই সাময়িক বরখাস্তকৃত যুবলীগ নেতার মালিকানাধীন সাসকে গ্রুপের শিল্পপার্ক নির্মাণ বন্ধ ও নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বা তাঁকে স্থায়ীভাবে দল থেকে বরখাস্ত না করা হবে ততদিন এই সংগঠনের ব্যানারে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
সাসকো গ্রুপের স্বত্বাধিকারী ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দিপু জানান আমার বিরুদ্ধ যেসব অভিযোগ করা হয়েছে তার সবকিছু ঠিক নয়। আমি কোন মানুষের জায়গা দখল বা বিক্রিতে বাধ্য করিনি। আমার জমিতে বালু ভরাটের সময় অন্যের কিছু কিছু জমিতে বালু গিয়েছিল। সে সব জমির মালিকদের আমি ক্ষতিপূরণও দিয়ে দিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমি শাখা-চুড়ি পড়ে এলাকা ছেড়ে চলে যাব।