সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: কয়েকদিন বিরতির পরে আবারও ভয়াবহ ভাঙ্গনে পদ্মা গর্ভে বিলিন হচ্ছে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের চোকদারকান্দি, কলমীরচর, খেঁজুরতলা, খালাসীকান্দি, পেদাকান্দি সহ অনেক গ্রাম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ভাঙ্গনের কবল থেকে রক্ষা পায়নি মসজিদও। নদী ভাঙ্গনের সাথে বিলিন হয়ে যাচ্ছে কবরস্থানসহ প্রিয়জনের কবর। স্ত্রী-সন্তান নিয়ে জীবন বাঁচাতে ব্যস্ত সকলে। অনেকে ফসলী জমি, পালের গরু ও বসত ঘর রক্ষা করতে পারছে না। কেউ আবার ভাঙ্গন আশঙ্কায় নদী থেকে অনেক দূরের বাড়িও সরিয়ে নিচ্ছে নিরাপদে। শুক্রবার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ মাহমুদুল হোসাইন খান। ভাঙ্গন কবলিত এলাকার ঝুঁকিপূর্ণ পরিবারকে নিরাপদে সরে যেতে মাইকিং করার নির্দেশ প্রদান করেছেন ডিসি।
শরীয়তপুরের ডিসি মোঃ মাহমুদুল হোসাইন খান ভাঙ্গন কবলিত এলাকার চেয়ারম্যান, মেম্বার, বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমাম, জন প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যদের সাথে নিয়ে আলহাজ্ব ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরুরী সভা করেন। জরুরী সভায় কুন্ডেরচর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন বেপারী, সাবেক চেয়ারম্যান মোতালেব মোল্যা, স্থানীয় মুরব্বী আনোয়ার হোসেন মাদবর, শহীদ হোসেন চোকদার, ব্যবসায়ী লিটন বেপারী, ও কুন্ডেরচর ইউপি ৬নং ওয়ার্ড মেম্বার কামাল মাদবর উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন,“আমার দীর্ঘ অভিজ্ঞতায় এমন নদী ভাঙ্গন আর দেখিনাই। নদী ভাঙ্গন এলাকায় খুব দ্রুত মাইকিং করে ভাঙ্গন কবলিত সকলকে নিরাপদে সরিয়ে নেয়া হবে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে ত্রাণ পৌঁছে দেয়া হবে। পরবর্তীতে পূর্ণবাসন করা হবে। নদী ভাঙ্গন এলাকায় গত বুধবারে নিখোঁজ কলমিরচর গ্রামের কৃষক আঃ রশিদ শিকদার (৬৮) ও ইশ্বরকাঠি গ্রামের মোসলেম ফকির (৭০) দের আজও কোন সন্ধান পাওয়া যায় নাই। হয়তো প্রবল স্রোতে পদ্মার তলদেশে বিলিন হয়েগেছে।
স্থানীয়দের সাথে আলাপকালে জানায়, অনেকদিন থেকে কুন্ডেরচরের কলমিরচর এলাকার খালাসী কান্দি, চোকদার কান্দি, পেদাকান্দি সহ কয়েকটি গ্রামে পদ্মার ভাঙ্গন শুরু হয়েছে। প্রায় ৩ কিলোমিটার এলাকা নদীতে বিলিন হয়েছে। জমির ফসল, গবাদী পশু, বাড়ির বসত ঘরও অনেকে রক্ষা করতে পারে নাই। রাতের আধারে একরের পর একর ফসলী জমি ও বসতবাড়ি বিলিন হয়েছে তখন জীবন নিয়ে বাঁচাই চ্যালেঞ্জ হযে পড়ে। এখনও ভাঙ্গন অব্যাহত রয়েছে। তবে সেমিপাঁকা ও পাঁকা দালান ছাড়া বাড়ি ঘর সরিয়ে নেয়া সম্ভব হয়েছে। খালাসী কান্দি জামে মসজিদ অর্ধেক নদী গর্ভে বিলিন হয়ে গেছে বাকিটা হয়তো অল্প সময়ে বিলিন হয়ে যাবে।
নদী ভাঙ্গন এলাকা থেকে ঘর সরিয়ে নেওয়ার সময় মাসুদা বেগম কান্নায় ভেঙ্গে পড়ে প্রতিবেদককে জানায়, আমার ছেলেরা দালান করছে তার কিছুই রক্ষা করতে পারলাম না। তার বড় ছেলে ইকবাল ১৮ বছর সৌদী প্রবাসে, ছোট ছেলে সিঙ্গাপুরে থাকে ২ বছর অপর ছেলে ঢাকায় ব্যবসা করে। সকল ছেলেদের রোজগার বাড়ির দুটি দালান ঘর তাও আজ নদীতে ভেঙ্গে যেতে বসেছে। আল্লাহ যেন আমাদের রক্ষা করে।
গিয়াস উদ্দিন মাদবর (৬০) জানায়, আমার জীবনে ১৯ বার নদী ভাঙ্গন কবলীত হয়েছি। তবে ১৫ বছর যাবৎ নিরাপদে ছিলাম। এ বছর ১ মাসে ২ বার নদী ভাঙ্গনে পরেছি। আমার ৫ বিঘা জমিতে ফসল ছিল তা সহ প্রথম বার নদী ভাঙ্গনে কবলিত হয়েছে। তখন বসত বাড়িও নদী গর্ভে চলে যায়। পরবর্তীতে ভাড়া জমিতে ঘর তুলি। এবার তাও ভেঙ্গে গেছে। জিনিসপত্র একটা বাগানে রাখছি। কেউ একটু জায়গা দিলে ঘর তুলতে পারবো নয়তো বাগানেই থাকতে হবে। ছেলেরা বিয়ে করে ঢাকায় থাকে আমার কোন খোঁজও নেয় না। আমার আর কিছুই রইল না।
কুন্ডেরচর ইউপি ৬নং ওয়ার্ড মেম্বার কামাল মাদবর জানায়, আমার ওয়ার্ডেই ভাঙ্গন বেশী ইতিমধ্যে প্রায় সাড়ে তিন কিলোমিটার নদী ভেঙ্গে প্রায় ১৫ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আমি সকল সময় ক্ষতিগ্রস্থদের পাশে আছি। যে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ রয়েছে তা সরিয়ে নেয়া হয়েছে।
কুন্ডেরচর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন বেপারী বলেন, আমার এলাকায় নদী ভাঙ্গন নতুন কিছুই না। তবে এবারের ভাঙ্গন ব্যতিক্রম কিছু। বিগত দিনে এমন ভাঙ্গন আর কেউ দেখে নাই। ৫০ হাত লম্বা নারিকেল গাছটা নদী ভাঙ্গনে পড়লে মূহুর্তেই অদৃশ্য হয়ে যায়। কেই বাড়িঘর সরিয়ে নিতে পারছে না। আমি বন্যা ও নদী ভাঙ্গন শুরু থেকেই এলাকায় অবস্থান করছি। যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সরকারী ত্রাণ সঠিক ভাবে বিতরণ করছি।