অগ্রগতির সকল খাতে বাংলাদেশ এগিয়ে চলেছে। তাই এখনই বিনিয়োগের সুবর্ণ সময়। জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে বিভিন্ন অবকাঠামো উন্নয়নে জাপান সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বর্তমানে জাপানের সাথে আমাদের অনেকগুলো প্রকল্প চলমান। এ সকল প্রকল্প আমাদের বিনিয়োগ প্রকল্প, এগুলো থেকে সুফল নিশ্চিত। ভবিষ্যতেও তাদের সাথে আরো বেশি মেগা প্রকল্পে কাজ করবে সরকার। বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ ঢাকায় শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো ((Naoki Ito)-এর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, আগামী ১৬ তারিখে তারা তাদের পুরো প্রতিনিধিদল নিয়ে আসবে। তখন পারস্পরিক সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এর আগে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের দাবি ছিল পিপলস লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএস) অবসায়ন প্রক্রিয়া বন্ধ করা এবং ক্ষুদ্র ও ব্যক্তি আমানতকারীদের সঞ্চয় ফেরত দেওয়া। বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে বলে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে বলে মন্ত্রী জানান।