শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট, কার্গো শাখার সামনের সড়কসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও নগরীর সবুজায়নকে এগিয়ে নিতে স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
আবু তাহের ভারত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিজ অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫০ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়; রোপণ করা প্রতিটি চারার পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বেনাপোল গড়ে তুলতেই এ উদ্যোগ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রানা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহক মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নিয়ে সবুজ বেনাপোল গড়ার এ উদ্যোগকে স্বাগত জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনার আশপাশ এবং জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।