আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সর্বস্তরের জনগণের আস্থা অর্জনে ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিঘিরপাড় এলাকায় সর্বাত্মক গণসংযোগ চালিয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।
রোববার (২ জুলাই) ভোর থেকে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং কৌশলগত মতবিনিময়ের মাধ্যমে এ জনসংযোগ কর্মসূচি পালিত হয়। গণসংযোগকালে এলাকা জুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।
স্থানীয় অধিবাসীদের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে ইমদাদুল হক ইমদাদ একজন সৎ, আদর্শবান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্বৈরাচার ও আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাঁর একটি বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
দক্ষিণ দিঘিরপাড়ের স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের সাথে মতবিনিময়কালে যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বিগত দিনে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ও সঠিক পৌর সেবা থেকে বঞ্চিত হয়েছে। জনগণের শক্তিকে সাথে নিয়ে আমরা বেনাপোল পৌরসভাকে একটি গণতান্ত্রিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করব, ইনশাআল্লাহ।
গণসংযোগকালে স্থানীয় প্রবীণ ব্যক্তিরা তাঁর বিগত দিনের সততা ও রাজনৈতিক নিষ্ঠার প্রশংসা করেন। এলাকার যুবসমাজও তাঁর নেতৃত্ব ও প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়ে নির্বাচন উপলক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত গণসংযোগে যশোর জেলা ও শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।