মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামে ধর্ষণে ব্যর্থ হয়ে এক স্কুলছাত্রীকে (১৫) হত্যা মামলার রায়ে হাসান শেখ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসান শেখ (৩২) মাগুরার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ মার্চ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী স্কুল থেকে ফিরে বাড়ির পাশে কুমার নদীর ধারে নিজেদের রসুনখেত পরিচর্যায় যায়।
কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরে না। পরদিন নদীর ধারেই একটি বাঁশ বাগানের মধ্যে মেয়েটির লাশ পড়ে থাকতে দেখা যায়। তাকে ওড়না দিয়ে শ্বাসরোধের পর ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামিদের নামে শ্রীপুর থানায় একটি মামলা করা হয়।
মামলার দীর্ঘ তদন্তে হাসান শেখের সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ। দীর্ঘ ৪ বছর পর ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার মামলার রায় ঘোষণা করেন আদালত।
নিহত ছাত্রীর মা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, যাবতীয় সাক্ষ্য-প্রমাণ, তদন্ত প্রতিবেদন ও অন্যান্য আলামতের ভিত্তিতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন বাবলু বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করা হবে।