একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন তরুণ-তরুণী। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। তরুণ নদীতে ঝাঁপ দিলেও তরুণী তা না করে ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ওই তরুণকে জীবিত উদ্ধার করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা সেতুতে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী যমুনা নদীতে ঝাঁপ দেন আনু গুপ্তা নামের এক তরুণ।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে জীবিত উদ্ধার করে। তবে তার সঙ্গে সেতুতে আসা তরুণী আনু নদীতে ঝাঁপ দেয়ার পরপরই ঘটনাস্থল ছেড়ে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণ ও তরুণী প্রেমের সম্পর্কে ছিলেন। তারা একসঙ্গে আত্মহত্যা করার উদ্দেশ্যেই সেতুতে এসেছিলেন। তবে, আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেয়ার কিছুক্ষণ পরেই ওই তরুণী সেখান থেকে চলে যান।
প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আনু গুপ্তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। আনুর সঙ্গে থাকা তরুণীকে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনার সব দিক তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।