জুলাই শহিদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি আন্দোলনে আহত ব্যক্তিদের অবদান স্মরণ করে তাদের দ্রুত পুনর্বাসন, শহিদ পরিবারের কল্যাণ করে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই সময় প্রাণ উৎসর্গকারী বীর শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার সংকট এবং দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিবাদের মধ্য দিয়েই জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা হয়। রংপুরে আবু সাঈদের আত্মত্যাগসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের প্রাণহানি আন্দোলনকে আরও বেগবান করে।
রাষ্ট্রপতি বলেন, এই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; বরং এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সাহস, ত্যাগ ও আকাঙ্ক্ষার প্রতিফলন। শহিদদের আত্মদান স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের প্রকৃত শক্তির উৎস জনগণ এবং তাদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, শহিদ ও আহত আন্দোলনকারীদের যথাযথ সম্মান, পুনর্বাসন, পরিবারগুলোর কল্যাণ এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক সফলতা প্রত্যাশা করেন।