গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকাশ্য স্থানে গাঁজা সেবন করার অপরাধে নাজমুল হাসান (২৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে নগদ ২০০টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে (১৪ জুলাই) উপজেলার বহড়াবাড়ী গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ প্রদান করেন।
এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
অভিযুক্ত নাজমুল হাসান উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহড়াবাড়ী গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহড়াবাড়ী গ্রামে এ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জ ও উপজেলা প্রশাসনের যৌথ দল।
অভিযানকালে নাজমুল হাসানকে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।পরে আটককৃত যুবকের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, এলাকায় মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ক্যটাগরির আরো খবর..