পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ব্রি ধান -৮৭ এর বীজ বিতরণ করা হয়েছে।
উপকূলীয় অঞ্চলের লবনাক্ততা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স বীজ ধান বিতরণ কর্মসূচির আয়োজন করে।
এ কর্মসূচির আওতায় ১৭ জুন বুধবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের ৩০ জন এবং এর আগের দিন মঙ্গলবার সোলাদানা ইউনিয়নের ৩৫ জন সহ মোট ৬৫ জন প্রান্তিক কৃষক কে ব্রি ধান-৮৭ এর বীজ বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা ও পীযুষ কান্তি মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের মাঝে বীজ ধান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউল্লাহ , মোঃ আব্দুল্লাহ , স্টার প্রজেক্টের টিম লিডার শারমিন আরা লিনা, একাউন্ট অফিসার যোসেফ সরকার, প্রজেক্ট অফিসার এসএম আফজাল হোসেন, সিএম আলমগীর হোসেন, অনন্যা বৈরাগী ও রেশমা সুলতানা। এসময় ইউপি সদস্য ও এলাকার কৃষক সহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ এর বীজ বিতরণ করা হয় এবং কৃষকরা ভালো ফলন পান।