× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসি’র সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে ইউজিসি’র সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে নতুন কার্যক্রম গ্রহণের উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠান দুটি দেশের পাঁচটি নির্বাচিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নসহ বেশ কিছু অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে।

আজ বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে ইউএন উইমেন বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দলের এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউজিসি ভবনে অনুষ্ঠিত এ সভায় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইউএন উইমেন বাংলাদেশ-এর প্রোগ্রাম অ্যানালিস্ট শ্রবণা দত্ত ও তোসিবা কাশেম।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন উপস্থিত ছিলেন।

ইউজিসি জানায়, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অর্থায়নে বাস্তবায়িত ‘বাংলাদেশের জনপরিসর, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন’ প্রকল্পের আওতায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে চলতি বছরের জুন মাসের শেষ দিকে অথবা জুলাই মাসের শুরুতে ইউজিসি ও ইউএন উইমেন বাংলাদেশ-এর মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য একটি কার্যকরী ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। একই সঙ্গে কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনার জন্য ত্রৈমাসিক সমন্বয় সভা আয়োজন করা হবে।

সভায় ইউএন উইমেন বাংলাদেশ-এর প্রতিনিধিরা জানান, প্রকল্পের সামগ্রিক বেসলাইন স্টাডি পরিচালনার দায়িত্ব ইউএন উইমেন পরিচালনা করবে। এ লক্ষ্যে একটি গবেষণা প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আগামী জুলাই-আগস্ট ২০২৬ সময়ের মধ্যে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ সম্পন্ন হওয়ার পর বেসলাইন তথ্য যাচাই ও চূড়ান্তকরণের কাজ করা হবে।

ইউজিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়সমূহ এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের নির্দেশনা অথবা প্রাসঙ্গিক নতুন আইন বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি অনলাইন টুল উন্নয়ন এবং জেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক প্রণয়নে কারিগরি সহায়তা দেওয়া হবে।

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে ইউজিসি নারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সহায়ক ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে তিনি ইউএন উইমেন বাংলাদেশ-এর উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর ও অর্থবহভাবে বাস্তবায়ন করতে হবে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে গৃহীত কার্যক্রম সফল করতে ইউজিসি প্রয়োজনীয় সব ধরনের নীতিগত ও কারিগরি সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..