আসন্ন পবিত্র ঈদুল আযহায় সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ। তিনি বলেন, কুরবানিকে কেন্দ্র করে যে বিশাল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, তা দেশের সর্বস্তরের মানুষের উপকারে আসে।
মঙ্গলবার (২৬ মে) সকালে কুমিল্লা নগরীর নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদমন্ত্রী জানান, এবারের কুরবানির পশুর বাজার অন্যান্য বছরের তুলনায় অধিক নিরাপদ রয়েছে। প্রান্তিক খামারি থেকে শুরু করে ক্রেতা—সবার জন্য পশু ক্রয়-বিক্রয় নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, “এখন পর্যন্ত দেশের কোথাও থেকে কোনো ধরনের অনিরাপত্তা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। বাজারে অবৈধভাবে আনা পশুও চোখে পড়েনি।”
বাজার ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী আরও বলেন, কুরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
হাট পরিদর্শনকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।