যশোর বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ। এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য কেবল স্থানীয় নয়, এটি জাতীয় গৌরবের অংশ। এই ঐতিহ্যকে সংরক্ষণ, বিকাশ এবং বিশ্বপরিসরে তুলে ধরতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আজ জেলা শিল্পকলা একাডেমি, যশোর এবং ঐতিহাসিক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠান দু’টির চলমান কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথি, পাণ্ডুলিপি ও গ্রন্থসম্ভার পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এগুলোকে জাতির ইতিহাস ও জ্ঞানচর্চার অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন।
পরে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভায় বক্তারা প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁরা সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিকায়ন এবং ঐতিহ্য সংরক্ষণে সরকারের কার্যকর সহায়তা কামনা করেন।
সভায় নিতাই রায় চৌধুরী বলেন, প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে। নতুন প্রজন্মকে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে হবে।
মন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও চ্যালেঞ্জ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সাথে অবকাঠামোগত উন্নয়ন, দুষ্প্রাপ্য সংগ্রহ সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
Leave a Reply