বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বর্তমান সরকার বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই একটি জাতির আত্মপরিচয় বিকশিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মানবিক, অসাম্প্রদায়িক ও দেশপ্রেমিক চেতনার বিকাশ ঘটে।
আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ আয়োজিত সাহিত্য সাময়িকী ‘চিন্তাবীজ’-এর মোড়ক উন্মোচন এবং ‘ডিজিটাল যুগে বাংলা সাহিত্যচর্চা: সংকট না সম্ভাবনা?’ শীর্ষক সাহিত্য সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন,
সংস্কৃতি একটি জাতির আত্মা। কোনো জাতির সংস্কৃতিচর্চা দেখেই সেই জাতির মনন, ইতিহাস ও সভ্যতার পরিচয় পাওয়া যায়। হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ বাংলার সংস্কৃতি বিশ্বসভায় মর্যাদার সঙ্গে উপস্থাপন করতে পারলে বাংলাদেশ আরও সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত হবে। তিনি আরও বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গঠনে কাজ করছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্যই আমাদের শক্তি। এই বৈচিত্র্যের মধ্য দিয়েই জাতীয় ঐক্য সুদৃঢ় হবে।
মন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে নতুন প্রজন্মকে বাংলা সাহিত্য, আবৃত্তি, নাটক, সংগীত ও লোকজ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিগত সময়ের শিক্ষা ও ইতিহাস বিকৃতির সমালোচনা করে তিনি বলেন,
একটি সময় পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার সঠিক ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ইতিহাসও আড়াল করার চেষ্টা হয়েছে। বর্তমান সরকার সেই বিকৃতি দূর করে সত্য ইতিহাস প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠানের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ও আবৃত্তি সংসদের উপদেষ্টা ড. এবিএম শহিদুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ও আবৃত্তি সংসদের মডারেটর ড. মুনিরা সুলতানা।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি মো. শাহ সুফি ওয়াছি মিয়া।
সেমিনারে বক্তারা ডিজিটাল যুগে বাংলা সাহিত্যচর্চার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং নতুন প্রজন্মের সাহিত্যবোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।