সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের সাথে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-ডব্লিউএফপি)-এর উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের প্রতিনিধিদল জাতীয় সংসদ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশু উন্নয়ন, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নয়নে চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে অবহেলিত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে প্রান্তিক পর্যায় পর্যন্ত কাজ করে যাচ্ছি। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের বিষয়টি সরকারের অন্যতম অঙ্গীকার।
এরই অংশ হিসেবে সরকার গঠনের ২১দিনের মাথায় প্রতিটি পরিবারের নারী প্রধানদের নামে পাইলটিং পর্যায়ে ৩৭ হাজার ৮১৪টি কার্ড বিতরণের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এই কর্মসূচিতে জাতীয় পরিচয়পত্র (NID) ভিত্তিতে ডাটাবেইজ করা হচ্ছে। বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী পর্যায়ক্রমে সারাদেশে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে।
ডব্লিউএফপি’র সঙ্গে বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশের দুর্গত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা, পুষ্টি কর্মসূচি এবং জরুরি ত্রাণ কার্যক্রমে ডব্লিউএফপি’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী আরো জানান, বর্তমান সরকার নারী ও শিশুদের ক্ষমতায়ন, সমাজের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণকে অগ্রাধিকার দিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন যে, ডব্লিউএফপি’র সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আরো কার্যকর ও বিস্তৃত করা সম্ভব হবে। বিশেষ করে দরিদ্র মায়েদের পুষ্টি সহায়তা, শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচিতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বিশ্ব খাদ্য কর্মসূচি’র কান্ট্রি ডিরেক্টর Simone Parchment মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ও নারী ও শিশু কল্যাণে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি দেশের খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরো সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন। সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, যুগ্মসচিব মোঃ ফিরোজ উদ্দিন খলিফা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।