আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীর্ঘ ২২ বছর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চল খুলনা ও যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, অন্যদিকে দাবি আদায়ের প্রত্যাশার নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। দলীয় নেতারা আশা করছেন, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে।
জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর দেড়টার দিকে তিনি যশোরে পৌঁছে ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। যশোরে এটি তার প্রথম জনসভা।
যশোর জেলা বিএনপি জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শহরের বাইরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যশোরবাসীর বিভিন্ন দাবি, বিশেষ করে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টি তুলে ধরা হবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের আগমন কেবল একটি নির্বাচনি কর্মসূচি নয়, এটি নেতা-কর্মীদের সাহস-মনোবল ফিরিয়ে আনার মুহূর্ত। সেই সঙ্গে দাবি আদায়ের প্রত্যাশার সংমিশ্রণে নতুন দিগন্ত উন্মোচন হওয়ার মাহেন্দ্রক্ষণ। বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে সাজ সাজ রব অবস্থা বিরাজ করছে।
খুলনার খালিশপুর প্রভাতি স্কুলের মাঠে জনসভার কার্যক্রম শুরু হবে বেলা ১১টায়। হেলিকপ্টারযোগে তারেক রহমান খুলনায় আসবেন দুপুর ১২টায়। জনসভায় বক্তৃতা শেষে বেলা ১টায় যশোরের জনসভায় যোগ দিতে খুলনা ছাড়বেন। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, জনসভায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার নেতা-কর্মীরা যোগ দেবেন। এই অঞ্চলের ধানের শীষের প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবেন তিনি। তারেক রহমান শ্রমিকদের কাছাকাছি আসতে চান, শ্রমিকদের কথা শুনতে চান। এই কারণে শিল্পাঞ্চলের এ মাঠটিতে জনসভার আয়োজন করা হয়েছে। খুলনার শিল্পাঞ্চল বাঁচাতে কী পদক্ষেপ নিচ্ছেন শ্রমিকদের সে কথাগুলো বলবেন। পাশাপাশি বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন, পাইপলাইনে গ্যাস সরবরাহ, বন্ধ কলকারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালুর ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারেন। এদিকে প্রথমবারের মতো যশোর আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার জনসভা শেষে হেলিকপ্টারে বেলা দেড়টায় তিনি যশোর পৌঁছাবেন। পরে যশোর সদর উপজেলার উপশহর কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। মাত্র দুই দিনের প্রস্তুতিতে আয়োজিত এ জনসভা যশোরের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা হতে যাচ্ছে বলে আশা করছেন জেলা বিএনপির নেতারা। তাঁরা জানান, জনসভাস্থলের সব প্রস্তুতি শেষ হয়েছে। দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তাঁরা আশা করছেন।
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রস্তুতি নেওয়ার জন্য মাত্র দুই দিন সময় পাওয়া গেছে। সমাবেশে সাধারণ মানুষকে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জনসভাস্থল ও আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যাবে বলে তিনি আশা করছেন। অমিত বলেন, লাখ লাখ মানুষের অংশগ্রহণের কথা মাথায় রেখে এবং জনদুর্ভোগ এড়াতে যশোরের মূল শহরের বাইরে উপশহর কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। পুলিশের সঙ্গে জেলা বিএনপি নেতারা দফায় দফায় এ ব্যাপারে বৈঠক করছেন।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও সাংগঠনিক প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।