× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ডেস্ক

আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি শ্রীশ্রীসরস্বতী পূজা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পূজা
সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা আজ।

আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি শ্রীশ্রীসরস্বতী পূজা।  বাণী অর্চনার আরাধ্য দিনে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন হবে। ঢোল-কাঁসি আর শঙ্খনিনাদে মুখরিত হয়ে উঠবে দেশের পূজামণ্ডপগুলো। ভোর থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধুনোর গন্ধে মাতোয়ারা ধরণীতে বেজে উঠবে শান্তির মোননীয় সুর।

সনাতন ধর্মানুসারে সরস্বতী দেবী বিদ্যা ও জ্ঞানের দেবী বলে আজ অধিকাংশ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হবে বিদ্যাদেবীর পূজা। শিশু সন্তানরা পূজার পর দেবীর সামনে হাতেখড়ি দিয়ে প্রবেশ করবেন শিক্ষা জীবনে। শিক্ষার্থীরা উপোস  করে সরস্বতী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তাঁর আশীর্বাদ নেবেন।

সরস্বতী পূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন। এ দেশ আমাদের সবার। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবে। রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, সকাল ৬টায় প্রতিমা স্থাপনের পর সকাল ৮টায় শুরু হবে পূজা। এরপর সকাল সাড়ে ৯টায় পুষ্পাঞ্জলি প্রদান এবং বেলা ১১টায় প্রসাদ বিতরণ করা হবে।

এ ছাড়া প্রতি বছরের মতো এবারও ঢাকায় সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে পূজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। জগন্নাথ হলকে ঘিরে রয়েছে নানা আয়োজন। এ বছর জগন্নাথ হলে হল প্রশাসনের কেন্দ্রীয় পূজামণ্ডপসহ ৭৬টি মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেবেন। হল প্রশাসনের পূজা হলের উপাসনালয়ে এবং বিভাগ ও ইনস্টিটিউটের পূজা হবে হলের মাঠে স্থাপন করা অস্থায়ী মণ্ডপে। দুদিনব্যাপী এ আয়োজনে থাকছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা ও রক্তদান কর্মসূচি। এ ছাড়াও হলের ভেতরে দর্শনার্থী শিশু-কিশোরদের চিত্তবিনোদন উপযোগী বেশ কিছু রাইড, খেলনা ও খাবারের দোকানের ব্যবস্থাও রাখা হচ্ছে। গত বছর প্রশাসনের পূজাসহ ৭৩টি বিভাগ ও ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় পূজা হয়েছিল।

ঢাবির জগন্নাথ হলের সরস্বতী পূজার বিশেষত্ব তুলে ধরে হল প্রাধ্যক্ষ দেবাশীষ পাল কালবেলাকে বলেন, সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজন জগন্নাথ হলের দিকে তাকিয়ে থাকে। এ বছর এখানে একসঙ্গে ৭৬টি মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন হচ্ছে। আমার জানা মতে, ভারতসহ বিশ্বের কোথাও একসঙ্গে এত সরস্বতী পূজা হয় না। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলেই হয়। এ ছাড়া হলের পুকুরে যে বড় সরস্বতী মূর্তি স্থাপন করা হয়, এমন সরস্বতী মূর্তিও বিশ্বের কোথাও পূজিত হয় না। আমাদের প্রত্যাশা, এ উৎসবে পুণ্যার্থীদের শুভাগমনে জগন্নাথ হল সম্প্রীতির বন্ধনের এক অপূর্ব মিলনমেলায় রূপ নেবে।

এদিকে, প্রতি বছরের মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সরস্বতী পূজার আয়োজন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ, দুটি ইনস্টিটিউট এবং একমাত্র ছাত্রীহলসহ মোট ৩৯টি মণ্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারীবাজার, তাঁতিবাজার, বনানীসহ মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন হবে।


এ ক্যটাগরির আরো খবর..