মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা স্ট্যান্ড এলাকায় অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করার দায়ে আবুল হাসনাত নামে এক ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
আজ বুধবার (১৪জানুয়ারী) সকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আরেফিন। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যবসায়ী সরকারি অনুমোদনের বাইরে অতিরিক্ত সংখ্যক গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছেন, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।