চলমান বিপিএল দ্বাদশ আসরের নিলামে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন ওপেনার নাঈম শেখ। তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিযোগিতা তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত তার মূল্য গিয়ে দাঁড়ায় ১ কোটি ১০ লাখ টাকা। এটাই এখন পর্যন্ত নিলামের সবচেয়ে বড় চুক্তি।
তবে নিলামের একই মঞ্চে হতাশায় ডুবে রয়েছেন কয়েকজন প্রতিষ্ঠিত তারকা।অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইবাদত হোসেন চৌধুরী, মুমিনুল হক, শাদমান ইসলাম ও নাহিদুল ইসলাম এই ছয়জন এখনো পর্যন্ত কোনো দলের ডাকে সাড়া পাননি। নিলামে তাদের নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।
এবারের নিলামে বাংলাদেশি খেলোয়াড় ছিলেন মোট ১৫৮ জন। ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা এই তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন মাত্র দুই ক্রিকেটার। ক্রমানুসারে ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ জন। অন্যদিকে বিদেশিদের তালিকা ছিল আরও বড়।
বাংলাদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি অনুযায়ী ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১১ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। সমানভাবে বিদেশিদের বেস প্রাইস রাখা হয় ১০ হাজার ডলার থেকে ৩৫ হাজার ডলার পর্যন্ত, ক্যাটাগরি ভেদে পরিবর্তিত।
এখনো নিলাম চলছে, তাই শেষ পর্যন্ত কোন তারকা কোথায় খেলবেন, আর কারা রয়ে যাবেন অনিশ্চয়তায়- সেটা জনতে অপেক্ষা করতে হবে পুরো নিলাম প্রক্রিয়াজুড়ে।