বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকার বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে বাণিজ্য বিকাশে কাজ করে আসছে। তার ধারাবাহিকতায় ফ্রান্স বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়াতে চায়। বিশেষ করে বাংলাদেশের ঔষধ শিল্প ও আইসিটিখাতে তার দেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগের আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অংশীদারিত্ব বাড়ানোর প্রচুর সম্ভাবনা আছে।
তিনি আরো বলেন, ফরাসি বিনিয়োগে দেশে মূলধন প্রবাহ বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক হবে। একই সাথে তুলনামূলকভাবে কম শ্রম খরচ ও উৎপাদন ব্যয় কম হওয়ায় ফরাসি ব্যবসায়ীদের জন্য এদেশে বিনিয়োগ লাভজনক হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো: আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।