ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ডিজিটাল টুলস ব্যবহারে পারদর্শী হয়ে উঠছেন, যা ‘স্মার্ট ভূমি সেবা’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।
আজ ০৯ নভেম্বর ২০২৫ রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়োজিত বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাগণের ১৪০তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৫-২৬ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব কথা বলেন।
সালেহ আহমেদ বলেন, ভূমি প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রম। ভূমির মালিকানা নির্ধারণ, সীমানা নির্ধারণ, রেকর্ড সংশোধন এবং ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণে সার্ভে ও সেটেলমেন্টের ভূমিকা অপরিসীম। সঠিক ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণের মাধ্যমে নাগরিকদের ভূমিসংক্রান্ত বিরোধ হ্রাস পায় এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হয়।
সিনিয়র সচিব বলেন, বর্তমানে সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। অনলাইন রেকর্ড, জিআইএস ভিত্তিক মানচিত্র, ই-মিউটেশন ও ডিজিটাল খতিয়ান প্রবর্তনের ফলে ভূমি ব্যবস্থাপনা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোঃ মোমিনুর রশীদ। এছাড়া অনুষ্ঠানে মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।