পঞ্চগড়ের বোদা পৌরসভার ইসলামবাগ সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ দেলোয়ার হোসেন (৩০) নামের এক শিক্ষকে আটক করেছে বোদা থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাতে পৌরসভার ইসলামবাগ সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।
জানা গেছে, সম্প্রতি মাদ্রাসার আবাসিক ছাত্ররা তাদের এক সহপাঠীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিষয়টি অন্যান্য শিক্ষকদের কাছে প্রকাশ করে। পরে তদন্তে উঠে আসে, মাদ্রাসার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই ছাত্রকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত ছিলেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী মাদ্রাসায় জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
স্থানীয়রা জানান, এমন ঘটনায় তারা মর্মাহত ও ক্ষুব্ধ। তারা প্রশাসনের কাছে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।
অন্যদিকে, মাদ্রাসা পরিচালনা পর্ষদ জানিয়েছে যে, প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষার্থে তারা প্রশাসনের তদন্তে সর্বাত্মক সহযোগিতা করছেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন তার অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। রবিবার ৯ (নভেম্বর) তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
এ ক্যটাগরির আরো খবর..