আজ ২৭ অক্টোবর বিশ্ব অডিওভিজ্যুয়াল ঐতিহ্য দিবস সারাবিশ্বে পালন করা হয়। ২০০৫ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) এক সাধারণ সম্মেলনে দিবসটির অনুমোদন দেয়।
চিত্রগ্রহণ এবং শব্দ ধারণ প্রযুক্তির ব্যবহারের শুরু থেকে পুরো দুনিয়াজুড়ে যেসব অডিওভিজ্যুয়াল ডকুমেন্ট তৈরি হয়েছে তা সংরক্ষণের জন্য জরুরী ভিত্তিতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে দিবসটি পালিত হয়ে থাকে। এসব অডিওভিজ্যুয়ালের মধ্যে থাকতে পারে ফিল্ম, ভিডিও, সাউন্ড রেকর্ডিং, রেডিও-টেলিভিশনের অনুষ্ঠান ইত্যাদি যেগুলো বিভিন্ন জাতিগত ঐতিহ্য বহন করে এবং ফেলে আসা সব ঐতিহাসিক সময়কে তুলে ধরে। আধুনিক প্রযুক্তির ক্রমাগত বিবর্তনের এই সময়ে এসব ঐতিহ্যবাহী অডিওভিজ্যুয়াল নতুন ফরম্যাটে সংরক্ষণ আরও জরুরি হয়ে দাঁড়িয়েছে।
এ বছর বাংলাদেশে ‘ওয়ার্ল্ড ডে ফর অডিওভিজ্যুয়াল হেরিটেজ ২০২৫’ উদযাপনে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ (বিএফএ)। ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ; অডিওভিজ্যুয়াল তথ্যের ভান্ডার’ শীর্ষক একটি মাসব্যাপী কার্যক্রমের মাধ্যমে এবছর দিবসটি উদযাপিত হবে। ২০১২ সাল থেকে বিএফএ প্রচুরসংখ্যক দুর্লভ সিনেমা, প্রচারিত সংবাদ, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র এবং আরও কিছু দুর্লভ ভিডিও সফলভাবে ডিজিটাল মাধ্যমে রিস্টোর করে সংরক্ষণ করেছে।
‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ; অডিওভিজ্যুয়াল তথ্যের ভান্ডার’ শীর্ষক মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে পুরো নভেম্বর মাস জুড়ে এসব ডিজিটালি রিস্টোর করা দুর্লভ বিভিন্ন অডিওভিজ্যুয়াল প্রদর্শিত হবে।