শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আজ ঢাকায় সচিবালয়ে তাঁর দপ্তরে জার্মান ফেডারেল প্রজাতন্ত্রের সংসদ সদস্য Boris Mijatovic সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে শ্রম ও নৌপরিবহন খাতের বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো; বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন, বিনিয়োগ এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সরকারের উন্নয়ন অংশীদার হিসেবে জিআইজেড (GIZ) সংক্রান্ত কার্যক্রম।
বাংলাদেশের সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল জাহাজ শিল্পে জার্মান বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম মেরিটাইম কান্ট্রি। মাতারবাড়িতে নির্মাণাধীন একটি গভীর সমুদ্রবন্দর ছাড়াও বাংলাদেশের তিনটি সমুদ্রবন্দর রয়েছে। ৫৪টি অভ্যন্তরীণ নদী বন্দর রয়েছে। দেশের এক-তৃতীয়াংশ মানুষ বিভিন্নভাবে মেরিটাইম সেক্টরের উপর নির্ভরশীল। বাংলাদেশের শিপইয়ার্ডগুলোতে আন্তর্জাতিকমানের সমুদ্রগামী জাহাজ নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশের তৈরি জাহাজ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে রপ্তানি হচ্ছে। জার্মান বিনিয়োগকারীরা এ দেশের ক্রমবিকাশমান জাহাজ শিল্পে বিনিয়োগ করে দক্ষ ও সস্তা শ্রম বাজারের সুবিধা গ্রহণ করতে পারে বলে উপদেষ্টা মন্তব্য করেন। মাতারবাড়িতে একটি আন্তর্জাতিকমানের ডকইয়ার্ড নির্মাণেও জার্মান বিনিয়োগকারীদের আহ্বান জানান উপদেষ্টা।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের আসন্ন (২০২৬-২৭ মেয়াদে) নির্বাচনে ক্যাটাগরি ‘সি’-এর সদস্য হিসেবে বাংলাদেশ প্রার্থিতা ঘোষণা করেছে উল্লেখ করে ড. এম সাখাওয়াত হোসেন নির্বাচনে বাংলাদেশের পক্ষে জার্মান সরকারের সমর্থন কামনা করেন। তিনি আইএমওভুক্ত সকল সদস্য রাষ্ট্রের মেরিটাইম সেক্টরের উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এ বিষয়ে জার্মান সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন জার্মানির এ সংসদ সদস্য।
বৈঠকে নৌপরিবহন উপদেষ্টা জাহাজ নির্মাণ শিল্প, বন্দর অবকাঠামো উন্নয়নসহ অন্যান্য সেক্টরে বাংলাদেশ ও জার্মানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরো এগিয়ে নিতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
উপদেষ্টা শ্রমিক অধিকার রক্ষা, শোভন কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য নিশ্চিতকরণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় তিনি জার্মান সাংসদের মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতা ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশী পণ্যের জন্য প্রত্যাশিত ন্যায্য মূল্য (ফেয়ার প্রাইজ) নিশ্চিত করার জোরালো অনুরোধ জানান। উভয় পক্ষই শ্রম ও নৌপরিবহন খাতে পারস্পরিক সম্পর্ক আরো বাড়াতে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ বৃদ্ধির ওপর জোর দেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ারা বেগম, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত Dr. Rudiger Lotz, গবেষণা সহকারী Denise-Kathrin Bentele এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।