আজ ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। ২০২৫ সালের জাতিসংঘ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘আমরা যে ভবিষ্যৎ চাই, যে জাতিসংঘ আমাদের প্রয়োজন : বহুপাক্ষিকতার প্রতি আমাদের সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা’। ২০২৫ সালকে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক বছরের জন্যও ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে হিমবাহ সংরক্ষণ, শান্তি ও আস্থা, কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি এবং সমবায়।
জাতিসংঘ দিবসটি কেবল এর প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং বিশ্বশান্তি, উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় এর কাজের মূল্যায়ন এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এর সীমাবদ্ধতা ও অসহায়ত্ব নিয়ে আত্মসমালোচনারও দিন। জাতিসংঘের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জাতিগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন এবং জাতিগুলোর কর্মকাণ্ডকে সমন্বয় করার কেন্দ্র হিসাবে কাজ করা। এই মহৎ উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতে সংস্থাটি বিভিন্ন অঙ্গ ও বিশেষায়িত সংস্থার মাধ্যমে বহুবিধ কাজ করে থাকে।
১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের আত্মপ্রকাশ ঘটে। ১৯৪৮ সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিনটিকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্বকে রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলো একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের উদ্যোগ নেয়। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই দিনেই জাতিসংঘ সনদ কার্যকর হয়, যা এই আন্তর্জাতিক সংস্থার মূল ভিত্তি। এর আগে প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত হওয়া ‘লীগ অফ নেশনস’ ব্যর্থ হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে জাতিসংঘের সৃষ্টি হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য। এই দেশগুলোর যেকোনো একটি ভেটো দিলে কোনো প্রস্তাব পাস হতে পারে না।
জাতিসংঘ দিবসের প্রধান তাৎপর্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের প্রতি বিশ্ববাসীর প্রতিশ্রুতিকে পুনরায় নিশ্চিত করা। এই দিবসটি জাতিসংঘের লক্ষ্য, উদ্দেশ্য এবং বৈশ্বিক অর্জনের ওপর বিশ্ববাসীকে অবহিত করার সুযোগ তৈরি করে। এই দিবসটি সদস্য রাষ্ট্রগুলোকে এমন একটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়, যেখানে তারা যুদ্ধ, শান্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করতে পারে।
বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে। এরপর থেকে বাংলাদেশও প্রতি বছর নানা কর্মসূচির মাধ্যমে জাতিসংঘ দিবস উদযাপন করে থাকে। বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে জাতিসংঘ বাংলাদেশের সহযোগী হিসেবে কাজ করে আসছে।
জাতিসংঘ পশ্চিমা রাষ্ট্রগুলি এবং তাদের সহযোগীদের লক্ষ্য অর্জনে সক্ষম হলেও, সাধারণ সদস্য রাষ্ট্রগুলোর অধিকাংশ লক্ষ্য পূরণ করতে পারেনি। সংস্থাটি শান্তি রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং দারিদ্র্য দূরীকরণের মতো কিছু ক্ষেত্রে কিঞ্চিৎ সাফল্য পেয়েছে। তবে, বিশ্বজুড়ে সংঘাত, বৈষম্য, এবং জলবায়ু পরিবর্তনের মতো জটিল সমস্যাগুলো এখনও শতভাগ রয়ে গেছে, যা সংঘটির কার্যক্রমের ওপর প্রভাব ফেলে।
১৯৪৮ সাল থেকে জাতিসংঘ কম্বোডিয়া, মোজাম্বিক এবং তাজিকিস্তানের মতো দেশগুলোতে অনেকাংশে সফল শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করেছে, যা সংঘাত নিরসন ও পুনর্মিলনে সহায়তা করেছে। ২০০০ সালে জাতিসংঘ সহগ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, যার মধ্যে দারিদ্র্য ও ক্ষুধা কমানো, লিঙ্গ সমতা বৃদ্ধি এবং শিক্ষার প্রসার অন্তর্ভুক্ত ছিল। সংঘটি কিছু লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে, যদিও অধিকাংশ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে, বাকিগুলো ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য হিসেবে বাস্তবায়নের চেষ্টা চলছে।
বিশ্বজুড়ে সংঘাত, বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলো এখনও জাতিসংঘের কার্যক্রমে চ্যালেঞ্জ সৃষ্টি করছে। অনেক সময় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভেদ জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। অনেক লক্ষ্য অর্জনে ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে লক্ষ্য অর্জনের ধীর গতিও একটি বড় চ্যালেঞ্জ। জাতিসংঘের কিছু লক্ষ্য অর্জনে সাফল্য এলেও, এটি এখনও সাধারণ সদস্য রাষ্ট্রের অধিকাংশ স্বপ্ন পূরণে সক্ষম হয়নি। জাতিসংঘ যুদ্ধবিগ্রহ, রাজনৈতিক ও মানবাধিকার রক্ষার বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ‘পশ্চিমা এজেন্ডা’ বাস্তবায়ন করে থাকে, যদিও এটি একটি বহুজাতিক সংস্থা, যা সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত স্বার্থে কাজ করার কথা ছিল।
নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র) ভেটো ক্ষমতা রয়েছে। এর অর্থ হলো, এদের যেকোনো একটি দেশ ভেটো দিলে কোনো প্রস্তাব পাস হতে পারে না, যা অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয়। জাতিসংঘের নিজস্ব কোনো শক্তিশালী সামরিক বা পুলিশ বাহিনী নেই। তাই কোনো সদস্য রাষ্ট্রকে বাধ্য করার ক্ষমতা সংস্থাটির নেই, যা এর সিদ্ধান্ত কার্যকর করতে সমস্যা তৈরি করে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বা স্বার্থের কারণে অনেক সময় জাতিসংঘ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। বিশেষ করে স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে প্রভাবিত করে। জাতিসংঘের কাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন মহাসচিব নির্বাচন প্রক্রিয়া গোপন রাখা হয় এবং এতে মাত্র ৫টি স্থায়ী রাষ্ট্র সিদ্ধান্ত নেয়। সাধারণ পরিষদ জাতিসংঘের একটি প্রতিনিধিত্বমূলক অঙ্গ হলেও, নিরাপত্তা পরিষদের তুলনায় এর ক্ষমতা অনেক সীমিত। সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবগুলো বাধ্যতামূলক নয় এবং নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তই বেশি প্রাধান্য পায়।
এছাড়াও, কিছু সাধারণ সীমাবদ্ধতা জাতিসংঘের ব্যর্থতার কারণ হিসেবে কাজ করে, জাতিসংঘের প্রস্তাবগুলো মেনে চলতে দেশগুলো বাধ্য নয়। যদি কোনো দেশ তা মানতে না চায়, তাহলে জাতিসংঘ কোনো শক্তিশালী পদক্ষেপ নিতে পারে না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হলেও তা অনেক সময় কার্যকর হয় না এবং নিরীহ জনগণের ওপর এর বিরূপ প্রভাব পড়ে। রুয়ান্ডা ও বসনিয়ার গণহত্যার মতো বড় ধরনের সংকটের সময়ও জাতিসংঘ তার কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছিল, যা এর কার্যকারিতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন তৈরি করেছে।
জাতিসংঘ গাজা ও ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছে মূলত দুটি প্রধান কারণে : নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা এবং সদস্য রাষ্ট্রগুলোর ভূ-রাজনৈতিক স্বার্থের সংঘাত। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একাধিক প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং তার ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাব আটকে দিয়েছে। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপের প্রস্তাবে রাশিয়া নিজেই ভেটো দিয়েছে, যা জাতিসংঘের পদক্ষেপকে অকার্যকর করে দিয়েছে।
সদস্য রাষ্ট্রগুলোর ভূ-রাজনৈতিক স্বার্থ জাতিসংঘের কাঠামো এমন যে, শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। এটি প্রায়শই মানবিক বিপর্যয়ের চেয়ে রাজনৈতিক বিবেচনাকে বেশি গুরুত্ব দেয়। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভেটো বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। এর ফলে অনেক দেশ জাতিসংঘের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং বিকল্প আন্তর্জাতিক মঞ্চ খোঁজার কথা ভাবছে।
জাতিসংঘকে ‘আমেরিকা ও পশ্চিমাদের অনুগত এবং বাধ্য সংঘ’ বলা যায়, কারণ, বিশেষ করে নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা, সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত হওয়া এবং সংস্থার নীতি ও কার্যক্রমে পশ্চিমা দেশগুলোর প্রভাবের বিষয়টি অনেকটা স্পষ্ট। এই অভিযোগগুলো থেকে বোঝা যায় যে, জাতিসংঘ বৈশ্বিক শান্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে, আমেরিকার স্বার্থ রক্ষা করে থাকে, যা অনেক দেশের কাছে নিরপেক্ষ মনে না হওয়াই স্বাভাবিক। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো বিভিন্ন সময়ে জাতিসংঘকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করছে, যা অনেক ক্ষেত্রে তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহৃত হয়।
জাতিসংঘকে গতিশীল করতে এবং সাধারণ সদস্য রাষ্ট্রগুলোর কল্যাণের স্বার্থে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বাতিল বা এর সীমাবদ্ধতা নির্ধারণ করা উচিত, যাতে কোনো একটি দেশ এককভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে বাধা দিতে না পারে। সাধারণ পরিষদের সুপারিশগুলো আরও কার্যকর করা এবং এর সিদ্ধান্তগুলোকে বাধ্যতামূলক করার ক্ষমতা দেওয়া উচিত, কারণ বর্তমান ব্যবস্থায় অনেক সুপারিশই বাস্তবায়ন করা হয় না। রেজুলেশন গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহি আনা উচিত, যাতে সদস্য রাষ্ট্রগুলো তাদের ভূমিকা ও সিদ্ধান্ত সম্পর্কে আরও ভালোভাবে অবগত থাকতে পারে।
জাতিসংঘের বহুমুখী কাজ ও অর্জন
শান্তি ও নিরাপত্তা রক্ষা : জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি বহু স্থানীয় সংঘাতকে বিশ্বযুদ্ধে পরিণত হওয়া থেকে রুখে দিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সংঘাতপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে এবং বেসামরিক নাগরিকদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশসহ বহু দেশ এ মিশনে নিয়মিতভাবে সৈন্য ও পুলিশ পাঠিয়ে বিশ্বশান্তিতে অবদান রাখছে। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য সংস্থাটি মধ্যস্থতা ও আলোচনায় সহায়তা করে।
মানবাধিকার ও মানবিক সহায়তা : মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র প্রণয়ন ছিল জাতিসংঘের অন্যতম প্রধান অর্জন। বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয়, সেখানেই জাতিসংঘ তার বিশেষ প্রতিনিধি ও সংস্থাগুলোর মাধ্যমে আওয়াজ তোলে। সংঘাত, দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কাছে খাদ্য, আশ্রয় ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় জাতিসংঘের বিভিন্ন সংস্থা-যেমন, ইউনিসেফ, ডব্লিউএফপি ও ইউএনএইচসিআর। এসব সংস্থা লাখ লাখ মানুষের জীবন রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে।
উন্নয়ন ও দারিদ্র্যবিমোচন : টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ ও বাস্তবায়ন জাতিসংঘের বর্তমান কাজের একটি কেন্দ্রীয় অংশ। বিশ্বজুড়ে চরম দারিদ্র্য হ্রাস, ক্ষুধা নিবারণ, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে সংস্থাটি সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা ও অনুপ্রাণিত করে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনেস্কোর মতো বিশেষায়িত সংস্থাগুলো শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে।
আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার : আন্তর্জাতিক আইন প্রণয়ন ও সংরক্ষণে জাতিসংঘ এক অনন্য ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আন্তর্জাতিক অপরাধের বিচার ও আন্তঃরাষ্ট্রীয় বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে।
সীমাবদ্ধতা ও অসহায়ত্বের কঠিন বাস্তবতা : জাতিসংঘের এত বিশাল কর্মপরিধি সত্ত্বেও সংস্থাটির সফলতা ও ব্যর্থতা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা এর কাঠামোগত দুর্বলতা ও ভূ-রাজনৈতিক বাস্তবতার কাছে এর অসহায়ত্ব। জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর অঙ্গ হলো নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এ পরিষদের হাতে। কিন্তু এর পাঁচটি স্থায়ী সদস্যের (মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া) ভেটো ক্ষমতা সংস্থাটির কার্যকারিতাকে মারাত্মকভাবে সীমিত করে। যখনই কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংকটে এ পাঁচ শক্তির জাতীয় স্বার্থ জড়িয়ে যায়, তখনই ভেটোর প্রয়োগ বা হুমকির কারণে নিরাপত্তা পরিষদ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। সিরিয়া, ইউক্রেন, ফিলিস্তিন বা মিয়ানমারের মতো সংঘাতপূর্ণ পরিস্থিতিতে এ অক্ষমতা বারবার স্পষ্ট হয়েছে। স্থায়ী সদস্যদের স্বার্থের সংঘাতে জাতিসংঘ প্রায়ই একটি ‘উদ্বেগ প্রকাশকারী’ সংস্থায় পরিণত হয়, যা অসহায়ত্বেরই নামান্তর।
রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রাধান্য : জাতিসংঘ কোনো বিশ্ব সরকার নয়; এটি সার্বভৌম রাষ্ট্রগুলোর একটি সম্মেলন। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা এর নেই, যদি না নিরাপত্তা পরিষদ তাতে অনুমোদন দেয়। ফলে, যখন কোনো সরকার নিজ দেশের জনগণের ওপর ব্যাপক নির্যাতন চালায় (যেমন, গণহত্যা বা ব্যাপক মানবাধিকার লঙ্ঘন), তখন জাতিসংঘ চাইলেও সার্বভৌমত্বের দোহাইয়ে কঠোর ব্যবস্থা নিতে পারে না। এ আইনি বাধা সংস্থাটির নৈতিক অবস্থানকে দুর্বল করে দেয়।
অর্থনৈতিক ও রাজনৈতিক নির্ভরতা : জাতিসংঘ তার কার্যক্রম পরিচালনার জন্য সদস্য রাষ্ট্রগুলোর আর্থিক অনুদানের ওপর নির্ভরশীল। যখন বৃহৎ শক্তিগুলোর স্বার্থের পরিপন্থি কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হয়, তখন তারা অনুদান প্রত্যাহার বা রাজনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে সংস্থাকে দুর্বল করার সুযোগ পায়। এ নির্ভরতা জাতিসংঘের স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার পথে বড় বাধা সৃষ্টি করে।
কাঠামোগত সংস্কারের অভাব : জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৫ সালে। বিশ্বের বর্তমান ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সংগতি রেখে নিরাপত্তা পরিষদ ও অন্যান্য অঙ্গের সংস্কারের দাবি দীর্ঘদিনের। কিন্তু স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর বিরোধিতার কারণে এ সংস্কার প্রক্রিয়া বারবার মুখথুবড়ে পড়েছে। এ কাঠামোগত স্থবিরতা সংস্থাটির প্রাসঙ্গিকতা ও সক্ষমতাকে ক্ষুণ্ন করছে।
অসহায়ত্ব সত্ত্বেও অপরিহার্যতা : জাতিসংঘের এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এর অপরিহার্যতা অনস্বীকার্য। এটিই বিশ্বের একমাত্র প্ল্যাটফর্ম, যেখানে ১৯৩টি সদস্য রাষ্ট্র এক টেবিলে বসে বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করতে পারে। বড় যুদ্ধ প্রতিরোধে এর সাফল্য সীমিত হলেও আন্তর্জাতিক আইনের বিকাশ, জলবায়ু কূটনীতি, মহামারি মোকাবিলা এবং মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে এর বিকল্প নেই। ভেটো ক্ষমতার কারণে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলেও সাধারণ পরিষদ ও অন্যান্য সংস্থা বিশ্বব্যাপী নৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টিতে এখনো সক্ষম।
জাতিসংঘ দিবসে আমাদের বুঝতে হবে, সংস্থাটি তার সদস্য রাষ্ট্রগুলোর সমষ্টিগত ইচ্ছা ও প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। এর ব্যর্থতা মানে কেবল জাতিসংঘের ব্যর্থতা নয়, বরং বিশ্বনেতাদের ব্যর্থতা। এ অসহায়ত্ব কাটিয়ে উঠতে হলে জাতিসংঘের কাঠামোগত সংস্কার জরুরি, বিশেষ করে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা প্রয়োজন। জাতিসংঘকে শক্তিশালী করা মানে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য বিনিয়োগ করা। এ দিবসে আমাদের সম্মিলিত অঙ্গীকার হোক-জাতিসংঘকে আরও শক্তিশালী, ন্যায়সংগত ও কার্যকর করার মাধ্যমে এর অসহায়ত্ব কাটিয়ে ওঠা।