আগামী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদতবরণকারী শিশুদের পরিবারকে সম্মাননা প্রদান করা হবে। এবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী বিশ্ব শিশু দিবস পালিত হবে। এছাড়া, ২৯ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ একযোগে পালন করবে এ বিশেষ সপ্তাহ। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে -‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
এতে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং বিশেষ অতিথির বক্তৃতা করবেন ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা; এছাড়া, অনুভূতি প্রকাশ করবেন জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদতবরণকারী শিশুদের অভিভাবকরা। অনুষ্ঠানে শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।