নোয়াখালী প্রতিনিধি: কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দিনকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালী সদর উপজেলার মাইজদী পৌরসভায়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিজবাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জহির উদ্দিন কৃষ্ণরামপুর গ্রামের অহিদুর রহমানের ছেলে।
কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা ফিরোজ জানান, জহির উদ্দিন হুজুর দীর্ঘদিন ধরে ওই কৃষ্ণরামপুর মসজিদে ইমামতি করে আসছিলেন। তিনি ওই মসজিদের পাশে নিজবাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো তিনি রাতে ঘরেই ছিলেন। তবে রাতের কোনো এক সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে চলে যায়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ মহূর্তে বলা যাচ্ছে না।