সংস্কার বিষয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালা নিয়ে আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও কমিশনের সদস্য হিসেবে ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব জালাল আহমেদ এবং যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী।
এসময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনগুলো গঠনের মূল উদ্দেশ্য হলো দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা এবং জনগণের অধিকার নিশ্চিত করা। তিনি আরো বলেন, কেউ যেন আর গুম বা বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার না হয় এবং কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়। তাছাড়া, আইনের শাসন প্রতিষ্ঠাসহ স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত করাও এ কমিশনের উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।