বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) তাদের বিশেষ সম্মানজনক পুরুস্কার ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ পেল দেশের চারটি প্রতিষ্ঠান। বিনিয়োগে অসামান্য অবদান রাখার জন্য ওয়ালটন (দেশি বিনিয়োগকারী), বিক্যাশ (বিদেশি বিনিয়োগকারী), স্কয়ার ফার্মাসিটিক্যালস ও ফেব্রিকসকে পুরস্কার দেওয়া হয়েছে।
আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ ছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়।
প্রসঙ্গত, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
এ বছর থেকে ‘এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ চারটি ক্যাটাগরিতে প্রদান করা হচ্ছে: ১. স্থানীয় বিনিয়োগ, ২. বিদেশি বিনিয়োগ ৩. পরিবেশ, সামাজিক ও সুশাসন এবং ৪. নতুন যুক্ত হওয়া ‘ইনোভেশন’।
এই পুরস্কারের মাধ্যমে বিনিয়োগের পরিমাণ, পরিবেশবান্ধব কার্যক্রম, নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং এখন থেকে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমের প্রভাব বিবেচনা করা হবে।