× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ইতালিতে ‘দাস জীবন’ থেকে মুক্তি পেলেন ৩৩ ভারতীয় শ্রমিক, গ্রেপ্তার ২ ইন্ডিয়ান গ্যাংমাস্টার

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
মুক্তি পেলেন ৩৩ ভারতীয় শ্রমিক

উত্তর ইতালির একটি খামার থেকে ৩৩ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সেখানে তাদের দাসের মতো কাজ করানো হতো। তাদের সবাই ভারতের নাগরিক। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ বলছে, চাকরির লোভ ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে ওই ৩৩ জনকে ইতালিতে নিয়ে আসেন দুই ভারতীয় গ্যাংমাস্টার। খুব সামান্য মজুরিতে সপ্তাহে ৭ দিন ১০ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য করা হতো তাদের। ইতালির পুলিশ ওই দুই গ্যাংমাস্টারকে প্রায় ৫ লাখ ৪৫ হাজার ৩০০ ডলারসহ গ্রেপ্তার করেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মৌসুমী কাজের ছাড়পত্র ও চাকরির জন্য গ্যাংমাস্টাররা ৩৩ শ্রমিকের প্রত্যেকের কাছ থেকে ১৭ হাজার ইউরো (১৮ হাজার ৫৫৪ ডলার) নিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা ১৭ লাখ রুপির সমান।

এই অর্থের জন্য কেউ পারিবারিক সম্পদ বন্ধক রেখেছেন আবার কেউ নিয়োগকর্তার কাছ থেকে ধার করেছেন। কিন্তু একজন শ্রমিককে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় মাত্র ৪ ইউরো মজুরি দেওয়া হতো।

খামারগুলোয় ইতালিয়ান ও অভিবাসীদের ওপর প্রায়ই শোষণের ঘটনা। দেশটিতে খেত, আঙুরবাগান ও গ্রিনহাউজে লাখো মানুষ কাজ করেন। কোনো চুক্তি ছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য হন তারা। গত মাসে একটি খামারে কাজের সময় দুর্ঘটনার শিকার হয়ে এক শ্রমিকের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ওই শ্রমিককে সড়কের পাশে ফেলে রেখে যায় মালিকপক্ষ। পরে গাড়ি চাপায় তার পা গুঁড়িয়ে যায়। পরবর্তীতে তার মৃত্যু হয়। এরই মধ্যে তার নিয়োগকর্তাকে হত্যার অভিযোগে তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ইতালিতে আসার সঙ্গে সঙ্গেই শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে নেওয়া হয়। থাকতে দেওয়া হতো জরাজীর্ণ কক্ষে। সেখান থেকে তাদের বের হতে দেওয়া হতো না। প্রতি সকালে শ্রমিকদের গাদাগাদি করে গাড়িতে উঠিয়ে ভেরোনা অঞ্চলের গ্রামাঞ্চলে নিয়ে যাওয়া হতো। সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত তাদের সবজির বাক্সের মধ্যে লুকিয়ে রেখে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হতো।

উদ্ধার হওয়া শ্রমিকদের কাছে এরই মধ্যে পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের জন্য নিরাপদ আবাসন ও কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি অভিবাসন সংস্থা ও বিভিন্ন সামাজিক সেবা প্রতিষ্ঠান কাজ করছে। পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ওই দুই গ্যাংমাস্টারের বিরুদ্ধে শোষণ ও দাস ব্যবসার অভিযোগ গঠন করা হয়েছে।

ইতালিজুড়ে অনিবন্ধিত শ্রমিকরা প্রায়ই এমন একটি ব্যবস্থার সম্মুখীন হন, যা ‘কাপোরালাতো’ নামে পরিচিত। এই গ্যাংমাস্টার ব্যবস্থায় একজন মধ্যস্বত্বভোগী অবৈধভাবে শ্রমিক নিয়োগ দেন। তাদের খুবই কম মজুরিতে কাজ করতে বাধ্য করা হয়। এমনকি যাদের সব ধরনের নথিপত্র আছে, তাদেরকেও বৈধ মজুরির চেয়ে অনেক কম অর্থ পরিশোধ করা হয়।

ইতালিয়ান ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যাটিস্টিকসের সমীক্ষা অনুযায়ী, ২০১৮ সালে ইতালির প্রায় এক–চতুর্থাংশ কৃষি জনশক্তি এই পদ্ধতিতে নিয়োগ পায়। সেবা ও নির্মাণ খাতের শ্রমিকদেরও এমন সমস্যার মুখে পড়তে হয় হরহামেশা। ১২ ঘণ্টা কাজ করার পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ইতালিয়ান নারীর মৃত্যু হলে ২০১৬ সালে গ্যাংমাস্টার প্রথা বেআইনি বলে ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..