লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমতে পারে, তাই বলে সোশাল মিডিয়ায় জনপ্রিয়তায় ভাটা পড়েনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরবিশ্বের সকল রাষ্ট্রনেতাকে টপকে রবিবার এক্স হ্যান্ডেলে ১০০ মিলিয়ন ফলোয়ারের গণ্ডি পার করলেন তিনি। এক্স (সাবেক টুইটার)-এ যোগ দেওয়ার মাত্র ১৫ বছরের মধ্যেই জনপ্রিয়তার শিখরে উঠলেন মোদি।
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যে নেতাকে বর্তমানে মানুষ ফলো করেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে মোদির ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়ন পার করলেও মোদি ফলো করেন মাত্র ২ হাজার ৬৭১ জনকে। তথ্য অনুযায়ী, ২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারে অ্যাকাউন্ট খোলেন নরেন্দ্র মোদি। বর্তমানে এলন মাস্কের আওতাধীন হয়ে এই টুইটারই হয় এক্স হ্যান্ডেল। টুইটারে যোগ দেওয়ার মাত্র ১ বছরের মধ্যে তার ফলোয়ার্স সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যায়। জুলাই ২০২০ সালে এই সংখ্যা পৌঁছয় ৬০ মিলিয়নে।
নরেন্দ্র মোদির ফলোয়ার ১০০ মিলিয়ন পার করলেও, তার তুলনায় অনেক পিছিয়ে রয়েছেন সেকেন্ড ইন কমান্ড খ্যাত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তার ফলোয়ার ৩৫.২ মিলিয়ন। পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা ২৬.৪ মিলিয়ন।