জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার এদেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। ফলে, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের বিস্ময়। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।
মন্ত্রী আজ মেহেরপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ যুব মহিলা লীগ, মেহেরপুর জেলা শাখা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এ দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা। এ লক্ষ্য অর্জনে সকলের দায়িত্ব রয়েছে। তাই, এদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
এ সময় বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুত শোভা মন্ডল, বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি মোছাঃ লতিফন নেছা লতা, বাংলাদেশ যুব মহিলা লীগ মুজিবনগর উপজেলা শাখার সভাপতি মোছাঃ তকলিমা খাতুন, বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর শহর শাখার সভাপতি রোকসানা কামার রুনু উপস্থিত ছিলেন।