বিতর্কের মধ্যেই নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর করেছে ভারত। বিরোধীদের আপত্তি সত্ত্বেও সোমবার থেকেই আইনগুলো কার্যকর করেছে দেশটি। যার জেরে বদলে গেল দীর্ঘ সময় ধরে মেনে চলা ব্রিটিশ আইন। নতুন যে তিনটি আইন চালু হয়েছে সেগুলো হলো ইন্ডিয়ান পেনাল কোডের (ভারতীয় দণ্ডবিধি) পরিবর্তে ‘ভারতীয় ন্যায় সংহিতা’, ‘ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্টের (ফৌজদারি বিধি) পরিবর্তে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের (ভারতীয় সাক্ষ্য আইন) বদলে ‘ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম’। এই তিনটি নতুন ফৌজদারি আইনকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
জানা গেছে, ন্যায় সংহিতায় নতুন ২০টি অপরাধ চিহ্নিত করা হয়েছে। বাদ পড়েছে ভারতীয় দণ্ডবিধিতে থাকা ১৯টি বিধান। এছাড়া ৩৩টি অপরাধের জন্য কারাদণ্ডের মেয়াদ বাড়ানো হয়েছে। আর ৮৩টি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় বেড়েছে। পরিবেশ দূষণ ও মানব পাচারের মতো অপরাধকে ন্যায় সংহিতায় সাজার আওতায় আনা হয়েছে। এছাড়া সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণার মতো নতুন অপরাধও যুক্ত হয়েছে ন্যায় সংহিতায়।
নতুন আইনে নারী সুরক্ষা এবং নারীদের সঙ্গে ঘটা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিধি আরও কঠোর করা হয়েছে। ১৮ বছরের কমবয়সি বা নাবালিকা ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড এবং গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছর থেকে আজীবন কারাদণ্ডের শাস্তির কথা বলা হয়েছে। নতুন আইন চালু হওয়ায় বাতিল করা হয়েছে ইন্ডিয়ান পেনাল কোড, ১৮৬০। বাতিল হয়েছে ফোরটোয়েন্টি বা চারশ বিশ (৪২০) ধারা। দেড়শ বছরেরও বেশি প্রাচীন ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধির দিন শেষ দেশটিতে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, ব্রিটিশ আইনে এতদিন সাজার কথা বলা হয়েছিল। এবার নতুন আইনে সাধারণ মানুষ যাতে ন্যায়বিচার পান সেই ভাবনাই প্রকাশ পেয়েছে। বিরোধীরা বলছেন ভিন্ন কথা। প্রকাশ করেছেন শঙ্কাও। তারা মনে করছেন, পুলিশ ও শাসকগোষ্ঠীর হাতে এ আইন আরও লাগামহীন ক্ষমতা তুলে দেবে। ভবিষ্যতে এসবের অপব্যবহার হবে। যা বিচারব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। এ আইনের বিরোধিতায় সরব হয়েছেন বিশেষজ্ঞরাও। বলছেন, নতুন এ আইনের জেরে বিচারব্যবস্থায় বেশ জটিলতা দেখা দিতে পারে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এর ফলে ভারতে ফৌজদারি বিচার আগের চেয়ে অনেকটাই দ্রুত হবে। মোদি সরকারের দাবি, নতুন আইনে নাগরিকদের অধিকার সুরক্ষা, নারী ও শিশু সুরক্ষা, ন্যায়বিচার পাওয়া, সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে।
এদিকে নতুন আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। কংগ্রেসসহ বিরোধী নেতাদের বক্তব্য, নতুন আইন খুব দ্রুত চালু করা হয়েছে। এই আইনগুলো নিয়ে আরও বেশি আলোচনা হওয়ার প্রয়োজন ছিল। এর সাংবিধানিক ব্যাখ্যা নিয়েও আলোচনা করা দরকার ছিল বলেও জানিয়েছেন তারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছেন। তার বক্তব্য, ‘এই আইনগুলো নিয়ে আরও বেশি পর্যালোচনার প্রয়োজন ছিল।’ প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম অভিযোগ করেছেন, পর্যাপ্ত আলোচনা ও বিতর্ক ছাড়াই তিনটি নতুন বিল আনা হয়েছে।