বিশ্বজুড়ে সম্পদের মালিকানায় বৈষম্য বেড়েছে। সম্পদ অর্জনের ক্ষেত্রে ধনাঢ্যরা যতটা সুবিধা করতে পারেন, দরিদ্ররা তা পারেন না। ফলে ধনীরা অতি ধনী হয়ে উঠছেন, উল্টো দিকে দরিদ্ররা দরিদ্রই থেকে যাচ্ছেন। এরই প্রতিফলন ঘটেছে ফেডারেল রিজার্ভের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে।
প্রতিবেদনের ভাষ্যমতে যুক্তরাষ্ট্রে সম্পদশালীরা আরো বেশি সম্পদের মালিক হচ্ছেন। এখানে ১ শতাংশের ভেতরে তাদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বার্ষিক আয় ১ কোটি ১০ লাখ ডলারের বেশি। গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তাদের সম্পদ বেড়েছে ২ ট্রিলিয়ন ডলার। ওই ১ শতাংশের অধীনে থাকা করপোরেট ইকুইটি ও মিউচুয়াল ফান্ড শেয়ারের আকার পৌঁছেছে ১৯ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে, যা আগের প্রান্তিকে ছিল ১৭ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার।
ফেড জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১ শতাংশ মানুষের হাতে থাকা সম্পদ ৩০ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের চতুর্থ প্রান্তিক শেষে ১ শতাংশ মানুষের সম্পদের আকার পৌঁছেছে ৪৪ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে। পুঁজিবাজারের ঊর্ধ্বগতির কারণে এ বৃদ্ধি ঘটেছে বলে জানানো হয়েছে। আবাসন খাতের আকার কিছুটা বাড়লেও কমেছে বেসরকারি ব্যবসা। ২০২০ সালের পর থেকে বাজারে যে ঊর্ধ্বমুখী প্রবণতা ঘটছে, বর্তমান বৃদ্ধিটি তার সর্বশেষ সংযোজন। ২০২০ সালে শীর্ষ ১ শতাংশ ব্যক্তির সম্পদের আকার বেড়েছে প্রায় ১৫ ট্রিলিয়ন ডলার। ৪৯ শতাংশ মধ্যবিত্ত আমেরিকান সম্পদের বৃদ্ধি দেখেছে। প্রায় ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশ আমেরিকানের সম্পদ বেড়েছে ৫০ শতাংশ।
আন্তর্জাতিক রেটিংদাতা প্রতিষ্ঠান মুডি’সের প্রধান অর্থনীতিবিদ মার্ক জানদি মনে করেন, ওয়েলথ ইফেক্টের বিপরীত ঝুঁকিও আছে। ফেডের প্রতিবেদন অনুসারে, ১০ শতাংশ আমেরিকানের হাতে ৮৭ শতাংশ ইন্ডিভিজুয়াল স্টক ও মিউচুয়াল ফান্ডস। শীর্ষ ১ শতাংশের দখলে প্রায় অর্ধেক সম্পদ। এসঅ্যান্ডপি ৫০০ প্রতিষ্ঠানটির সম্পদের আকার চলতি বছরের এ সময়ের মধ্যে ১০ শতাংশ বেড়েছে। একইভাবে বেড়েছে বড় প্রতিষ্ঠানগুলোর আয়। তবে ২০২১ ও ২০২২ সালে মজুরি বৃদ্ধির কারণে বৈষম্য কমেছে। তবে সার্বিক প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের ১ শতাংশ মানুষের হাতে সম্পদ রয়েছে ৩০ শতাংশ। অন্যদিকে ১০ শতাংশ মানুষের হাতে সম্পদ রয়েছে ৬৭ শতাংশ।
অর্থনীতিবিদরা জানিয়েছেন, পুঁজিবাজারের এ চিত্র ভোক্তা ব্যয়ের ওপর প্রভাব ফেলেছে ও আগামীতেও ফেলবে। কারণ যখন ভোক্তা ও বিনিয়োগকারীরা তাদের স্টক বাড়তে দেখেন, তারা আরো ব্যয় করতে উৎসাহী হন। আরো ঝুঁকি নিতে আগ্রহী হন। একে ‘ওয়েলথ ইফেক্ট’ বলে অভিহিত করা হয় অর্থনীতিতে। তবে অর্থনীতিবিদদের দাবি, আকার বেড়ে যাওয়ার অর্থ সম্পদশালীদের জন্যই সম্পদ ও সুবিধা বৃদ্ধি। দিনশেষে এর মধ্য দিয়ে তাদের ব্যয় বাড়বে। কিন্তু মধ্যবিত্ত ও নিম্ন আয়ের আমেরিকানদের সম্পদ পুঁজিবাজারের ওপর না, মূলত নির্ভর করে বেতন ও বাড়ির দামের ওপর। স্টকের মূল্য ওঠানামায় তাদের সে অর্থে অংশগ্রহণ নেই।
চার্লস স্কোয়াবের প্রধান বিনিয়োগ কৌশলী লিজ অ্যান সন্ডার্স বলেন, ‘স্টকের মধ্য দিয়ে ১ শতাংশ মানুষের সম্পদ বৃদ্ধিই ফুটে ওঠে।’ যেহেতু সম্পদশালীদের আয়ের অনুপাতে ব্যয়ের প্রয়োজন পড়ে না। অ্যান সন্ডার্স মনে করেন, ১ শতাংশের সম্পদের এ বৃদ্ধি ভোক্তা অর্থনীতিতে তেমন আহামরি প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘যারা বছরে ১ লাখ ২৫ হাজার ডলারের বেশি আয় করে, তাদের ব্যয় ২০১৭ সালের পর থেকে কমতে শুরু করেছে। ফলে সম্পদের এ বৃদ্ধিতে আত্মবিশ্বাস আপাতভাবে বাড়ছে বলে মনে হলেও ব্যয় বাড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।’